আগামী ২৩ এপ্রিল আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ) নির্বাচন। এতে অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী ইংলিশ ক্লাব চেলসির সাবেক তারকা দিদিয়ের দ্রগবা। তিনি আইভরি কোস্ট ফুটবলের কর্ণধার হয়ে দেশটির ফুটবলকে পাল্টে দিতে চান।

 

২০২১ সালের ১১ ডিসেম্বর ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হন আফ্রিকার ইতিহাসে অন্যতম সেরা ফুটবলার স্যামুয়েল এতো। তার পথ অনুসরণ করে এবার কি আইভরি কোস্ট ফুটবলের মনসদে বসতে যাচ্ছেন ৪৪ বছর বয়সী দ্রগবা?

 

দীর্ঘ বিলম্বিত এই নির্বাচনে অবশেষে দ্রগবাকে ‘নির্বাচনযোগ্য’ হিসেবে ঘোষণা করার পর জট খুলেছে সংকটের, নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে।

 

২০২০ সালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দ্রগবাসহ কয়েকজনকে নির্বাচনে ‘অযোগ্য’ গণ্য করায় তা আটকে যায়। পরে এতে হস্তক্ষেপ করে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফা। এরপরই এফআইএফ ‘ফিফা-ইনস্টলড নরমালাইজেশন কমিটি’ করে দেয়, যারা নির্বাচনে ছয় প্রার্থীকে অনুমোদন দেয়।

 

কমিটি গত সপ্তাহে এক ঘোষণায় জানায়, আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থিতার বিষয়টি আপাতত শেষ। ছয় প্রার্থী নিবন্ধন করেছেন। তারা হলেন ইয়াট্টে এলেলে জঁ-ব্যাপসিস্তে, আর্নাউড আকা, লরাঁ কোউয়াকু. ইদ্রিসা দিয়ালো, সরি দিয়াবাতে ও দিদিয়ের দ্রগবা।

 

প্রার্থিদের মধ্যে সবচেয়ে আলোচিত ও পরিচিত মুখ দ্রগবা। আইভরি কোস্টের হয়ে ১০০টিরও বেশি ম্যাচ খেলা দ্রগবা অংশ নিয়েছেন ২০০৬ ও ২০১০ সালের বিশ্বকাপে। এছাড়া চেলসির হয়ে ইউরোপ মাতিয়েছেন। ব্লুজদের হয়ে চারটি লিগ শিরোপা, চারটি এফএ কাপ ও একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন তিনি। অথচ তাকেই কিনা আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়! সেই থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে নির্বাচন করতে যাচ্ছেন এই কৃতী ফুটবলার।

 

দ্রগবা বলছিলেন, আমাদের ফেডারেশন ও এখানকার ক্লাবগুলোর মধ্যে যে পরিবর্তন আনা দরকার আমি তা আনতে চাই। ফুটবলের যেমন জাগরণ দরকার এবং আইভরি কোস্টে আমরা যেভাবে চাই সেভাবে হচ্ছে না।

 

দীর্ঘ ক্যারিয়ারে দুই দফায় চেলসি ছাড়াও দ্রগবা খেলেছেন ফ্রান্সের গেঁগাঁ ও মার্সেই, চীনের সাংহাই শেনহুয়া, তুরস্কের গ্যালাতাসারে এবং মেজর লিগ সকারের দল মন্ট্রিয়ল ইমপ্যাক্টে। তিনি গ্যালাতাসারের হয়ে লিগ শিরোপা জিতেছেন। ২০১৮ সালে অবসর গ্রহণের আগে তিনি হয়েছেন আইভরি কোস্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

 

আইভরি কোস্ট দুবারের আফ্রিকান চ্যাম্পিয়ন। দেশটি ১৯৯২ ও ২০১৫ সালে নেশন্স কাপ জয় করে। পশ্চিম আফ্রিকার এই দেশটি আগামী বছর  নেশন্স কাপ আয়োজন করবে। বিবিসি