ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাত্র ১১৮ রানের পুঁজি নিয়েও ১৫ রানের জয় তুলে নেয়ার কৃতিত্ব দেখাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচে মুখোমুখি হয় দুটি দল, যারা আগেই বিদায় নেয়ায় এই ম্যাচের গুরুত্ব সেই অর্থে তেমন ছিল না। লো-স্কোরিং ম্যাচে ১১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ঢাকা ৯ উইকেটে ১০৩ রান তুলতে সমর্থ হয়।



আরাফাত সানীর ঘূর্ণিতে বেসামাল চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৮ রান তুলতে সমর্থ হয়। সানী ২২ রানে চারটি উইকেট নেন। চট্টগ্রামের জিয়াউর রহমান ২০ বলে ৩৪ রান করেন তিনটি বাউন্ডারি ও দুটি ছক্কার সাহায্যে। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন উসমান খান।


জবাব দিতে নেমে চট্টগ্রামের পেস বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে ঢাকা। দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত আইরিশ পেসার কার্টিস ক্যামফার মাত্র ১৫ রান দিয়ে তিনটি ও জিয়াউর রহমান ১৫ রানে দুটি উইকেট নিয়ে ঢাকাকে কোনঠাসা করে রাখেন। আরেক পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ২৯ রানে নেন দুটি উইকেট। শেষ দিকে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় ছোট লক্ষ্যটাও ছোঁয়া হয়নি ঢাকার। অধিনায়ক নাসির হোসেন ৩৩ বলে সর্বোচ্চ ২৪ রান করেন। সৌম্য সরকার করেন ২১ রান।


এই হারের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ঢাকার এবারের মিশন। ১২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে টেবিলের পাঁচ নম্বরে নাসিরের দল। এক ম্যাচ কম খেলা চট্টগ্রামও সমান ৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। তলানিতে থাকা খুলনা ১০ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। আগামীকাল সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে চট্টগ্রাম।


আজ সন্ধ্যায় আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। এ দুটি দলই প্লে-অফ খেলা নিশ্চিত করেছে।