ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ বুধবার কমলাপুর স্টেডিয়ামে ফাইনালে ভারত নারী দলের বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। শিরোপা নিশ্চিত করা গোলটি করেন ডিফেন্ডার আনাই মগিনি। খেলার ৮০ মিনিটের সময় গোলটি করেন তিনি। শাহেদার ব্যাক হিল থেকে আনাই মগিনি দূরপাল্লার শট নেন, লাফিয়ে ওঠেও ভারতের গোলকিপার বল আটকাতে পারেননি। গ্লাভস ছুঁয়ে জালে জড়ায় বল।

পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল বাংলাদেশের। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না মারিয়া মান্দার দল। অবশ্য ম্যাচের ১৬ মিনিটেই সুযোগ মিস করে স্বাগতিকরা। তহুরার নেয়া শট ঝাঁপিয়ে পড়েও ভারতের গোলরক্ষক গ্রিপে নিতে পারেননি। তাকে ফাঁকি দিয়ে বল জালের দিকেই এগোচ্ছিল। কিন্তু ভারতের একজন ডিফেন্ডার গোল লাইন থেকে বল সেভ করেন। বাংলাদেশের ফুটবলারদের বল লাইন ক্রসের দাবি নাকচ করেন রেফারি। 

রিপ্লেতে অবশ্য দেখা গেছে বল লাইনের ওপরই ছিল। ২৫ মিনিটে বাংলাদেশের থ্রো ইন থেকে করা আক্রমণ সাইডপোস্টে লেগে ফেরত আসে। আক্রমণের পসরা সাজিয়ে অতিথি ডিফেন্ডারদের সার্বক্ষণিক ব্যস্ত রাখে রিপা-ঋতুপর্ণারা। ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় প্রথমার্ধ শেষ হয় গোলশূণ্যতায়।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের শটও পোস্ট লাগে। ৭৬ মিনিটে বল গোললাইন ক্রস করে জালেও গিয়েছিল। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুলেন। এর কয়েক মিনিট পরেই গোলের দেখা পায় টাইগ্রেসরা। ৮০ মিনিটে কাঙি্ক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ। শাহেদার ব্যাক হিল থেকে আনাই মগিনির দূরপাল্লার শট ভারতের গোলকিপারের গ্লাভস ছুঁয়ে জালে জড়িয়ে যায়। সমর্থকরা ভাসেন উল্লাসে। তাতে প্রথমবার আয়োজিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নের খাতায় নাম উঠলো বাংলাদেশের।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।