নারী দিবসে দেশকে দারুণ
এক উপহার দিল বাংলাদেশের কিশোরীরা। নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে টানা
দুই জয়ে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ আজ শুক্রবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভুটানকে
হারাল ৬-০ গোলের বড় ব্যবধানে। টানা তিন জয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে উঠল
কিশোরীরা। রোববার ১০ মার্চ বাংলাদেশ-ভারত ফাইনাল।
সাইফুল বারী টিটুর দল
প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারানোর পর শক্তিশালী ভারতকে হারায় ৩-১ গোলে।
ভারতের বিপক্ষে জয়টি বাংলাদেশকে সবার আগে তুলে নেয় ফাইনালে। ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে
আজ তৃতীয় ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল ভুটানকে হেসেখেলে হারাল মেয়েরা।
এবারের সাফ অনূর্ধ্ব-১৬
নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে স্বাগতিক নেপাল, ভারত, বাংলাদেশ ও ভুটান। রাউন্ড রবিন
লিগ শেষে টেবিলের শীর্ষ দল বাংলাদেশ ও ভারত উঠল ফাইনালে। বিদায় নিল স্বাগতিক নেপাল
ও ভুটান।
গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত
অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া।
পাঁচ দলের আসরে চার ম্যাচ জিতে শিরোপা জয় করে রাশিয়ার মেয়েরা। এবার নেপালে বসেছে অনূর্ধ্ব-১৬
আসর।
সম্প্রতি ঘরের মাঠে সাফ
অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যুগ্মভাবে শিরোপা জয়ের পর এবার
বয়সভিত্তিক সাফে আরেকটি শিরোপার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ।










