সুপার এইটে বাংলাদেশের
দ্বিতীয় ম্যাচে শনিবার অ্যান্টিগায় ভারতের কাছে ৫০ রানে হারের মধ্যে দিয়ে অনেকটাই ফিকে
হয়ে এসেছে টাইগারদের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন। তবে প্রশ্ন উঠেছে টস জিতে বোলিং নেয়ার
কারণ নিয়ে। অনেক ক্রিকেট বিশ্লেষকও সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তর এমন সিদ্ধান্তের
সমালোচনা করেছেন। তাদের সঙ্গে একমত পোষণ করে টস জিতে ভারতকে আগে ব্যাট করতে না দিয়ে
নিজেরাই ব্যাটিং করা আদর্শ হতো বলে মনে করেন সাকিব আল হাসান। তাছাড়া স্পিনারদের দিয়ে
বোলিং শুরু করার সিদ্ধান্তও যে তার পছন্দ ছিল না, সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে
সাকিব আল হাসানের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইলে তিনি বলেন, ‘আমার জন্য ব্যাখ্যা করা
কঠিন। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিয়েছে। এটা ব্যাখ্যা করা কঠিন। উইকেট আরো ধীর হবে ভেবেছিলাম।
উইকেট শুরুতে শুকনো ছিল। স্পিনারদের সহায়তা পাওয়া যাবে ভেবে অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছিল
হয়তো। এটা ভালো ব্যাটিং উইকেট আমি বলব। ক্যারিবিয়ায় স্পিনারদের জন্য মাঝখানে বল করা
পাওয়ারপ্লের চেয়ে একটু সহজ। নতুন বলে প্রত্যেক দল বড় রান করতে চায়। বল যত পুরনো হয়
রান করা তত কঠিন হয়।’
তবে সাকিব বলছেন আগে ব্যাটিং
করলেই ভালো হতো, ‘ব্যক্তিগতভাবে বললে বলব, ক্যারিবিয়ায় একটি ম্যাচে ইংল্যান্ড ১৮০ তাড়া
করল, এছাড়া বাকি ম্যাচগুলোতে আগে ব্যাট করা দলই বেশি সফল। এই পরিসংখ্যান দেখলে হয়তো
মনে হবে আগে ব্যাট করাই ভালো ছিল। অধিনায়ক ও কোচ হয়ত অন্যভাবে ভেবেছে, ওদের দ্রুত আটকে
ফেললে টার্গেট অনুযায়ী খেলা যাবে। হয়ত এ কারণেই আগে ফিল্ডিং করা।’
সাকিব দলের সিনিয়র ক্রিকেটার
ও সাবেক অধিনায়ক। টসের এমন সিদ্ধান্তে তার কোনো ভূমিকা ছিল না কিনা, এমন প্রশ্নে তার
উত্তর, ‘বিষয়টা অভিজ্ঞতা, সিনিয়র এসবের বিষয় না। এখানে যখন দলের একজন নেতা থাকবে, সিদ্ধান্ত
তার। ভালো করলে অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে কোচ-অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
তুলি। এটা খুবই স্বাভাবিক, যৌক্তিক। তবে এটাই খেলা। প্রথম ২ ওভারে ২ উইকেট নিয়ে নিলে মনে হতো খুব ভালো সিদ্ধান্ত হয়েছে।
তখন মনে হয়েছে আগে ব্যাটিং করলে ভালো হতো।’










