বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের পর অবসরের পরিকল্পনা করছেন সেরেনা উইলিয়ামস। চোটের জন্য গত কয়েক বছরই কোর্টে নিয়মিত নন ৪০ বছর বয়সী টেনিস তারকা। পারফরম্যান্সেও ধার নেই আগের মতো। তাই এবার আমেরিকার মাসিক ফ্যাশন ম্যাগাজিন ভোগে নিজের সমাপ্তি রেখা টেনে দেয়ার কথা জানিয়েছেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।

ভোগ সাময়িকীতে লেখা এক আর্টিকেলে যুক্তরাষ্ট্রের তারকা তুলে ধরেন অবসরের পরিকল্পনা। তিনি লেখেন, অবসর শব্দটি আমি কখনোই পছন্দ করিনি। আমি এখানে আপনাকে বলতে চাচ্ছি যে, আমি টেনিস থেকে দূরে সরে যাচ্ছি। এমন কিছুর দিকে যাচ্ছি, যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। 

চোটের কারণে এক বছর টেনিসের বাইরে ছিলেন তিনি। গত জুনে উইম্বলডন দিয়ে কোর্টে ফিরলেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয় তাকে।

টেনিস কোর্ট থেকে বিদায় নিয়ে তিনি মনোযোগ দিতে চান পরিবার ও ব্যবসার দিকে। তিনি জানান, কয়েক বছর আগে সেরেনা ভেঞ্চার্স নামের একটি প্রতিষ্ঠান গড়েছি। এরপর পারিবারিক জীবন শুরু করলাম।

২০১‌৭ সালে সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জেতেন সেরেনা। নারী এককে দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাও তিনি (২৩ বার)। তার সামনে সুযোগ ছিল সর্বোচ্চ ২৪ বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে স্পর্শ করা এবং এ রেকর্ড ভাঙার। কিন্তু চোটের কাছে বরাবরই হার মানতে হয়েছে তাকে।

২৯ আগস্ট থেকে শুরু হচ্ছে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। সেরেনার সামনে আবারো সুযোগ এসেছে মার্গারেট কোর্টের রেকর্ড ছোঁয়ার।

এককে ছাড়াও বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি বেঁধে মেয়েদের ১৪টি গ্র্যান্ড স্ল্যাম যৌথ শিরোপাও জিতেছেন সেরেনা। সিঙ্গেল ও ডাবলসে অলিম্পিকে সোনার পদক জিতেছেন চারবার।