বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি প্লে-অফ ম্যাচ আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বেলা ১টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে টেবিলের তিন ও চার নম্বর দল রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে লড়বে টেবিলের দুই শীর্ষ দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস।

ছয় দলের আসরে রাউন্ড রবিন লিগ পর্ব শেষে প্লে-অফে উঠেছে চারটি দল। এরা হলো—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। নিয়ম অনুসারে, শীর্ষ দুই দল খেলবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ, যে ম্যাচের বিজয়ী দল উঠে যাবে ফাইনালে, পরাজিত দল আরেকটি সুযোগ পাবে।

আজ দুপুরের ম্যাচের বিজয়ী দল অপেক্ষা করবে সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরাজিত দলের জন্য। এ দুই দল আগামীকাল সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে। ওই ম্যাচে জিতলেই মিলবে ফাইনালের টিকিট।

শুক্রবার সন্ধ্যা ৬টায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দ্বাদশ বিপিএল আসরের।