বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চার জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ছিল খুলনা টাইগার্স। এরপর টানা পাঁচ হারে দলটি নেমে যায় পাঁচ নম্বরে! তাতে এনামুল হক বিজয়ের দলের প্লে-অফে খেলার সম্ভাবনাই ধুসর হতে থাকে। যদিও আশা এখনো শেষ হয়ে যায়নি। আজ শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ৫ উইকেটে হারিয়ে শীর্ষ চারে ফিরেছে খুলনা। দক্ষিণ আফ্রিকার তারকা ওয়েন পারনেল ৩ উইকেট শিকার করে খুলনাকে এনে দিয়েছেন আরাধ্য এক জয়। এই জয়টি খুলনাকে তুলে নিয়েছে টেবিলের চতুর্থ স্থানে।

 

আগে ব্যাট করতে নেমে পারনেল ও মুকিদুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ের মুখে পড়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের সাদামাটা সংগ্রহ গড়তে সমর্থ হয় ঢাকা। মোসাদ্দেক হোসেন ২৬ এবং অ্যালেক্স রস ও ইরফান সুক্কুর উভয়ই ২৫ রান করেন। পারনেল ১৯ রানে ও মুকিদুল ১৮ রানে তিনটি করে উইকেট নেন।

 

রান তাড়া করতে নেমে আফিফ হোসেন (৪৩*), পারভেজ হোসেন ইমন (৪০) ও শাই হোপের (৩২) ব্যাটে ভর করে ২৮ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।

 

এই জয়ের পর ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠল খুলনা। তাদের উপরে আছে রংপুর রাইডার্স (৯ ম্যাচে ১৪), কুমিল্লা ভিক্টোরিয়ান্স (৯ ম্যাচে ১৪) ও ফরচুন বরিশাল (৯ ম্যাচে ১০)।