২০২১ সালে অধিনায়ক থাকলেও পরের বছরই অনুষ্ঠিত বিশ্বকাপেই বাদ পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর আবার সুযোগ পেয়েছেন এবারের আসরে। তবে শুধু সুযোগই নয়, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরসা যেন মাহমুদউল্লাহ রিয়াদ। কেননা সবশেষ ম্যাচগুলোতে ব্যাটে বলে কিছুটা খারাপ সময়ই পার করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, এরপর ভারতের বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানের পরাজয় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে তৈরি করেছে হতাশা। সেই ম্যাচগুলোতে দলের সম্মান অনেকটাই বাঁচিয়েছে বুড়ো রিয়াদই।

আজ বুধবার বিসিবির প্রচারিত এক সাক্ষাৎকারে কথা বলেন ২০২২ সালের বিশ্বকাপে দলে না থাকা নিয়ে। জানান, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যখন আমি ছিলাম না, খারাপ লেগেছিল। আমার কাছে মনে হয়েছিল, দলে হয়তো থাকতে পারতাম। কিন্তু হয়নি এবং ওটার জন্য আমার কোনো কষ্টও নেই। আমি সব সময়ই আলহামদুলিল্লাহ, যেটা বলি দলের জন্য যতটুকুই আমি করতে পারি, সেটা আমার উপস্থিতি দিয়ে হোক, পারফরম্যান্স দিয়ে হোক, আমার অভিজ্ঞতা দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সব সময় নিংড়ে দিই।’

বাংলাদেশ এখনো বড় কোনো ট্রফি না পাওয়া দায় কিছুটা ভাগ্যের ওপর দিলেন মাহমুদউল্লাহ। বলেন, ‘ট্রফি জিততে আমার মনে হয় ভাগ্যেরও একটু সহায়তা লাগে। আমরা কয়েকটি মেগা ইভেন্টে হয়তো খুব কাছাকাছি গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা পারিনি। এখন আরেকটি সুযোগ সামনে। সমর্থন আছে ইনশা আল্লাহ। যা যা করা সম্ভব আমরা করব।’

নিজের ক্রিকেটে আসার পেছনের গল্প বলতে গিয়ে বড় ভাইকে স্মরণ করে মাহমুদউল্লাহ বলেন, ‘আমার আপন ভাই, উনি ক্রিকেট খেলতেন। ওনার হাত ধরেই আমার পথচলা। আমার ক্রিকেটের হাতেখড়ি—সবকিছুই উনার মাধ্যমে। ভাইয়াই সব সময় আমার অনুপ্রেরণা ছিল।’