আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। নতুন তালিকায় অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বার্ষিক হালনাগাদ শেষে আজ বুধবার সর্বশেষ টি-টোয়েন্টি র্যাংকিং তালিকা প্রকাশ করে আইসিসি।
২০১৯ সালের মে থেকে ২০২১ সালের মে মাসের আগের ৫০ শতাংশ ও পরবর্তী সিরিজের শতভাগ ম্যাচ বিবেচনা করে এ র্যাংকিং প্রকাশ করা হয়।
নতুন র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ২৩৩ রেটিং নিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ। ২৩০ রেটিং নিয়ে নবম স্থানে শ্রীলংকা। দুই ধাপ পিছিয়ে গেছে আফগানিস্তান। ছয় রেটিং খুইয়েছে তারা। ২২৬ রেটিং নিয়ে দশম স্থানে নেমে গেছে আফগানিস্তান।
তালিকার শীর্ষে রয়েছে ভারত। দেশটির ক্রিকেট দলের রেটিং ২৭০। দ্বিতীয় থেকে চতুর্থ স্থান পর্যন্ত আছে যথাক্রমে- ইংল্যান্ড (২৬৫), পাকিস্তান (২৬১), ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। ২৫১ রেটিং নিয়ে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আছে পঞ্চম স্থানে।
তবে ৯৫ পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে আগের মতো সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ।










