কোলন টিউমারের চিকিৎসা নিতে তিন দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। গত মঙ্গলবার ক্যানসার সম্পর্কিত চিকিৎসা নিতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

 

চিকিৎসকরা জানিয়েছেন, পেলের শারীরিক অবস্থা এখন ভালো ও স্থিতিশীল আছে।

 

গত সেপ্টেম্বরের শুরুতে বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ে পেলের। পরে অস্ত্রোপচার করা হয়। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি চলছিল। তারই ধারাবাহিকতায় এবারো কেমোথেরাপি নিতে হাসপাতালে ভর্তি হন পেলে।

 

বৃহদান্ত্রে টিউমার ধরা পড়ার পর মূত্রনালীরও সংক্রমণ ধরা পড়ে তিনটি বিশ্বকাপ জয়ী তারকার। গত ১৩ ফেব্রুয়ারি কেমোথেরাপি নিতে ফের হাসপাতালে ভর্তি হন পেলে। সেই দফায় চিকিত্সা শেষে ২৬ ফেব্রুয়ারি বাড়ি ফেরেন ফুটবল কিংবদন্তি। মার্কা