ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতিহাসে প্রথম দুই ওপেনার হিসেবে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান মাউন্ট মঙ্গানুই টেস্টে ল্যাথাম প্রথম ইনিংসে ১৩৭ ও দ্বিতীয় ইনিংসে ১০১ রান করেন। আর কনওয়ে প্রথম ইনিংসে ২২৭ ও দ্বিতীয় ইনিংসে ১০০ রান করেন। তাদের দুজনের অবিশ্বাস্য ব্যাটিং নিউজিল্যান্ডকে বসিয়েছে চালকের আসনে। দ্বিতীয় ইনিংসে ৩০৬ রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬২ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা। ক্যারিবীয়রা বিনা উইকেটে ৪৩ রান তুলে চতুর্থ দিন মাঠ ছাড়ে। সোমবার পঞ্চম ও শেষ দিন তাদের প্রয়োজন আরো ৪১৯ রান।
ওপেনিং জুটির বাইরে টেস্টে সব মিলে চতুর্থবারের মতো কোনো জুটি উভয় ইনিংসে সেঞ্চুরি পেলেন। এর আগের কীর্তিটি লংকানদের। ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শ্রীলংকার ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ম্যাচটি ৩২৮ রানে জিতেছিল সিংহলিজরা।
পাকিস্তানের আজহার আলী ও মিসবাহ-উল-হক ছিলেন দ্বিতীয় ও ৪০ বছরের মধ্যে প্রথম জুটি, উভয় ইনিংসে সেঞ্চুরি করেন। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ কীর্তি গড়েন তারা। উভয় ইনিংসে সেঞ্চুরি করা প্রথম জুটি অস্ট্রেলিয়ার ইয়ান ও গ্রেগ চ্যাপেল। ১৯৭৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে এ কীর্তি গড়েন দুই ভাই।
মাউন্ট মঙ্গানুই টেস্টে ৫৭৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে কাভেম হজের ১২৩ রানে ভর করে ৪২০ রান তুলতে সমর্থ হয় ক্যারিবীয়রা। এরপর কিউইরা ২ উইকেটে ৩০৬ রান তুলে ক্যারিবীয়দের ৪৬২ রানের বড় টার্গেট ছুড়ে দেয়।
জাস্টিন গ্রিভসের ডাবল সেঞ্চুরিতে ভর করে ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট ড্র করার কৃতিত্ব দেখায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়েলিংটনে ৯ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে ড্র হলেই সিরিজ জিতে নেবে স্বাগতিকরা। আর সিরিজ বাঁচাতে ক্যারিবীয়দের জয়ের বিকল্প নেই। যদিও শেষ দিন ৪১৯ রান তোলা দূরুহ বটে।









