টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল-২০২৫) শুরুর মাত্র ২৪ ঘণ্টা আগে মালিকানা ছেড়ে দিলেন চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী আবদুল কাইয়ুম। এক চিঠিতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বিষয়টি জানিয়েছেন। এখন ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিতে পারে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা একটা চিঠি পেয়েছি। এখন খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছি। কীভাবে কী হবে, তা দেখছি। নিয়ম অনুযায়ী বিসিবিরই দায়িত্ব নেয়ার কথা।’

এরই মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনকে চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রয়্যালসের হেড কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ মিজানুর রহমান বাবুল।

ট্রায়াঙ্গল স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠানকে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব দেয় বিসিবি। কিন্তু তারা শুরু থেকেই টালমাটাল। টাকা পরিশোধ না করায় চট্টগ্রামে নাম লেখানো বিদেশি ক্রিকেটাররা আসতে চাইছেন না। আবার বিসিবিকেও ব্যাংক গ্যারান্টির পুরো টাকা পরিশোধ করেনি তারা। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক দেয়ার কথা, যদিও চট্টগ্রামের মালিক তা দেননি।

বিপিএল গভর্নিং কাউন্সিলকে পাঠানো চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক আবদুল কাইয়ুম জানিয়েছেন, প্রত্যাশা অনুযায়ী পৃষ্ঠপোষক পাননি তারা। এছাড়া খেলোয়াড়দের পারিশ্রমিকও দিতে পারছেন না।

নিলামে কোটি টাকা দিয়ে ওপেনার নাঈম শেখকে নেয় চট্টগ্রাম রয়্যালস। এবারের বিপিএলে এটিই সর্বোচ্চ দাম। তাকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে ভেড়ায় ফ্রাঞ্চাইজিটি। যদিও তারা পরবর্তীতে ব্যয় নির্বাহ করতে হিমশিম খায়। অবশেষে মালিকানাই ছেড়ে দিল

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টায় সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। সন্ধ্যা ৭টায় মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের।

শুক্রবার ছাড়া প্রতিদিন দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে।

এবারের আসরে অংশ নিচ্ছে চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস।