ইংল্যান্ডের কাছে হোম সিরিজে পরাজিত হওয়ার যন্ত্রণা ভুলল পাকিস্তান। নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় টি২০ সিরিজের শিরোপা জিতে নিল তারা। ক্রাইস্টচার্চে আজ সকালের ফাইনালে স্বাগতিকদের ৫ উইকেটে হারায় অতিথিরা। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১৬৩ রান তোলে কিউইরা। জবাবে বাবর আজমের দল তিন বল বাকি থাকতে জয় নিশ্চিত করে। উল্লেখ্য, এই সিরিজে বাংলাদেশ চার ম্যাচ খেলে একটিও জিততে পারেনি।

 

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। কেন উইলিয়ামসনের হাফসেঞ্চুরি স্বাগতিকদের এনে দেয় ১৬৩ রানের ভালো সংগ্রহ। ৩৮ বল মোকাবেলায় ৪ বাউন্ডারি ও দুই ছক্কায় ৫৯ রান করেন তিনি। এছাড়া গ্লেন ফিলিপস ২৯ ও মার্ক চাপম্যান ২৫ রান করেন। পাকিস্তানের পেসার নাসিম শাহ ও হারিস রউফ দুটি করে উইকেট নেন।

 

জবাব দিতে নেমে দলীয় ২৯ রানে বাবর আজমকে (১৫) হারায় পাকিস্তান। তিনি স্পিনার মাইকেল ব্রেসওয়েলের শিকার হন। ১০ ওভার ৬৪ রান তুলে নেয়া পাকিস্তান শিবিরে দ্বিতীয় আঘাতটিও হানেন ব্রেসওয়েল। এবার তিনি ফেরান শান মাসুদকে (১৯)। ইনফর্ম মোহাম্মদ রিজওয়ানকে (৩৪) পরের ওভারেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন স্পিনার ইস সোধি।

 

তিন উইকেট হারানোর পর পাকিস্তানের প্রয়োজন ছিল ৫১ বলে ৯০ রান। তবে আত্মবিশ্বাসী মিডল অর্ডার পাকিস্তানকে ৫ উইকেটের আয়েশি জয় এনে দেয়। বৃহস্পতিবার বাংলাদেশকে হতাশ করা মোহাম্মদ নওয়াজ আজ পুড়িয়েছেন কিউইদের। ২২ বলে দুই চার ও তিন ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে তিনি দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।

 

দলকে জেতানোর পথে হায়দার আলীকে (১৫ বলে ৩১) নিয়ে ২৬ বলে ৫৬ ও ইফতিখার আহমেদকে (১৪ বলে ২৫*) নিয়ে ২০ বলে ৩৬ রানের জুটি গড়েন নওয়াজ। ব্রেসওয়েল দুর্দান্ত বোলিং করেও ছিলেন পরাজিত দলে। তিনি নেন ১৪ রানে দুই উইকেট। ৮ উইকেট নিয়ে সিরিজসেরা খেলোয়াড়ও হয়েছেন ডানহাতি এই অফস্পিনার। আর ম্যাচসেরা হয়েছেন নওয়াজ।

 

১৬ অক্টোবর প্রথম রাউন্ড দিয়ে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে আইসিসি টি২০ বিশ্বকাপ। তার আগে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি পাকিস্তান দলনায়ক বাবর আজম। তিনি বলেছেন, এই জয়ে আত্মবিশ্বাস নিয়েই আমরা অস্ট্রেলিয়ায় যেতে পারছি। আমাদের দল আজ যেভাবে খেলেছে তাতে কৃতিত্ব পাওয়ার দাবিদার। বোলাররা ডেথ ওভারে দুর্দান্ত ছিল। ব্যাটিংয়ে মিডল অর্ডারও অসাধারণ খেলেছে। হায়দার আলী ও নওয়াজ অবিশ্বাস্য ছিল। কাজেই আমাদের এগিয়ে এসে দায়িত্ব নিতে হবে, যা আজ সবাই করেছে।