চলতি বিশ্বকাপে টানা চার আর সব মিলে বিশ্বকাপে ১৮ হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল পাকিস্তানের নারীরা। নিউজিল্যান্ডে চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। বিশ্বকাপে ১৩ বছর পর জয়ের স্বাদ পেল তারা। সর্বশেষ জয়টি এসেছিল ২০০৯ বিশ্বকাপে, সেই জয়টিও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বৃষ্টিতে খেলা প্রায় ৫ ঘণ্টার মতো বন্ধ থাকায় ম্যাচটি কমিয়ে ২০ ওভারের করা হয়, যাতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় পাকিস্তান। স্পিনার নিদা দারের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৪/১০) ওয়েস্ট ইন্ডিজকে তারা মাত্র ৮৯ রানে অলআউট করে। সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার ডিন্ড্রা ডটিন। এছাড়া স্টেফানি টেলর ১৮ ও অ্যাফাই ফ্লেচারের ব্যাট থেকে আসে ১২ রান। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি। পাকিস্তানের অফ-স্পিনার নিদা দার ৪ ওভারে ১০ রানের বিনিময়ে নেন চারটি উইকেট। ম্যাচসেরাও তিনি।
ছোট টার্গেটটা ধীরস্থিরভাবেই টপকে যায় পাকিস্তান। ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বিসমাহ মারুফের দল। ৪৩ বলে ৩৭ রান করেন ওপেনার মুনিবা আলি। ব্যক্তিগত ৮ রানে আউট হন সিদরা আমিন। বিসমাহ মারুফ ২০ ও ওমাইমা সোহাইল ২২ রানে অপরাজিত থাকেন।
এ জয়ে ২ পয়েন্ট পেয়েছে পাকিস্তান। এরপরও টেবিলে সবার নিচেই থাকতে হচ্ছে তাদের। ছয় ম্যাচে তিন জয় ও তিন হারে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের কাছে হারে তাদের সেমিফাইনাল খেলা খানিকটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। অবশ্য পরের ম্যাচগুলো জিততে পারলে কোনো অসুবিধা হবে না টেলরের দলের।










