ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্র ও শনিবার অনুষ্ঠিত হয় ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। শুক্রবার প্রথম দিনে দুটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এদিন আলোতে ছিলেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। দ্রুততম মানব ও মানবী হয়েছেন তারা। ইলেকট্রনিকস টাইমিংয়ে ১০.৩৬ সেকেন্ড সময় নিয়ে লন্ডন প্রবাসী ইমরানুর হয়েছেন দ্রুততম মানব ও ১২.১১ সেকেন্ডে দ্রুততম মানবী হয়েছেন নৌবাহিনীর শিরিন। এটা শিরিনের ১৫তম এবং ইমরানুরের চতুর্থ জাতীয় মুকুট।
জয় শেষে ইমরানুর পরবর্তী লক্ষ্যের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার এখন মূল লক্ষ্য তেহরানে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে স্বর্ণ অক্ষুণ্ন রাখা। সে লক্ষ্যেই আমি অনুশীলন করছি। যার অংশ হিসেবে এ জাতীয় টুর্নামেন্টে অংশ নেয়া।’
১৫ বার দ্রুততম মানবী শিরিনের চোখ প্যারিস অলিম্পিকে খেলা। তার কথায়, ‘জাতীয় চ্যাম্পিয়নশিপে আমি দ্রুততম মানবী হয়েছি ঠিক, তবে আমার লক্ষ্য প্যারিস অলিম্পিকে খেলা। ওয়াইল্ড কার্ড পেলে অবশ্যই আমি প্যারিসের জন্য নিজেকে প্রস্তুত করব।’
দেশের সর্ববৃহৎ ও বর্ণাঢ্য এ ক্রীড়ানুষ্ঠানে ৬৩টি সংস্থার ৫২৯ জন অ্যাথলেট অংশগ্রহণ করেন, যার মধ্যে পুরুষ ৩৮২ জন ও নারী ১৪৬ জন।
শুক্রবার আকর্ষণীয় ১০০ মিটার (পুরুষ) স্প্রিন্টে জয়লাভ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইমরানুর। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট জিতে টানা ১৫তম বারের মতো দ্রুততম মানবীর খেতাব পান বাংলাদেশ নৌবাহিনীর শিরিন।
দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দুটি গ্রুপে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও মহিলাদের ১৮টি। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফল ও টাইমিং ইলেকট্রনিক্স ফটোফিনিশিং মেশিনের মাধ্যমে ধারণ করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের মো. তোফাজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিযোগিতার কম্পিটিশন ডাইরেক্টর ও ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু)।










