বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে এবারের ব্যালন ডি’অর জিতে নিলেন ফ্রান্সের করিম বেনজেমা। গতকাল সোমবার রাতে প্যারিসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রিয়াল মাদ্রিদ তারকার হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

এর মাধ্যমে দুই যুগ পর ব্যালন ডি’অর জিতলেন ফরাসি কোনো ফুটবলার। এর আগে ১৯৯৮ সালে পুরস্কারটি নিজের করে নিয়েছিলেন জিনেদিন জিদান। আর জিদানের হাত থেকেই ব্যালন ডি’অর নেন ৩৪ বছর বয়সী বেনজেমা।

গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এ বর্ষসেরার ট্রফি জিতলেন তিনি। এ ফরাসি স্ট্রাইকার ৪৬ ম্যাচে গোল করেছিলেন ৪৪টি ও করিয়েছেন ১৫টি। লা লিগায় ৩২ ম্যাচে তার গোল ছিল ২৭টি আর চ্যাম্পিয়নস লিগে ১২ ম্যাচে করেছিলেন ১৫ গোল।

জিদান ও রোনালদোকে নিজের আদর্শ উল্লেখ করে পুরস্কার হাতে বেনজেমা বলেন, আমার মধ্যে সব সময় স্বপ্ন ছিল যে, সবকিছু সম্ভব। জীবনে এমন সময় এসেছে, যখন আমি ফ্রান্স দলে ছিলাম না। তবে আমি কঠিন পরিশ্রম করেছি এবং কখনো হাল ছাড়িনি।

এর মাধ্যমে দেশ হিসেবে সবচেয়ে বেশি সাতটি ব্যালন ডি’অর নিয়ে আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, পর্তুগাল ও জার্মানির পাশে স্থান পেল ফ্রান্স।

অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

অন্যান্য পুরস্কারের মধ্যে বর্ষসেরা ক্লাব হয়েছে ম্যানচেস্টার সিটি, লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক) থিবো কোর্তোয়া, জার্ড ‍মুলার ট্রফি (সেরা স্ট্রাইকার) রবার্ট লেভানডফস্কি, সক্রেটিস অ্যাওয়ার্ড (দাতব্য কাজে সম্পৃক্ততা) সাদিও মানে এবং কোপা ট্রফি (অনূর্ধ্ব ২১ বছর বয়সী সেরা খেলোয়াড়) গাভি।