সদ্য সমাপ্ত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম আসর বেশ রাঙাতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে একটি জয় ছাড়া বাকি সব ম্যাচই হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দলের পারফরম্যান্স ভালো না হলেও একক নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার সালমা খাতুন। যার সুবাদে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন তিনি।
বিশ্বকাপে বুদ্ধিদীপ্ত বোলিং করে ৩.৭৯ ইকোনোমি রেটে ৭ ম্যাচে এই অফ-স্পিনারের শিকার ছিল ১০ উইকেট। ২০ ওভারে বেশি বোলিং করা বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলার তিনিই। ব্যাট হাতেও ছোট-খাটো কয়েকটি ইনিংস খেলেছিলেন।
বিশ্বকাপের সেরা একাদশে সর্বোচ্চ চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে তিনজন, ইংল্যান্ড থেকে দুজন, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ থেকে একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন। দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের চার্লি ডিনকে।
এবারের বিশ্বকাপে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নিজেদের সপ্তম শিরোপা জয় করে অস্ট্রেলিয়ার মেয়েরা।
বিশ্বকাপের সেরা একাদশ
মেগ ল্যানিং (অধিনায়ক, অস্ট্রেলিয়া),
অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া),
রাচেল হেইন্স (অস্ট্রেলিয়া),
বেথ মুনি (অস্ট্রেলিয়া),
ন্যাট সিভার (ইংল্যান্ড),
সোফি একলেস্টোন (ইংল্যান্ড),
হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ),
মারিয়ান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা),
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা),
শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা),
সালমা খাতুন (বাংলাদেশ)। দ্বাদশ: চার্লি ডিন (ইংল্যান্ড)










