আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার আশা উজ্জ্বল হলো আর্সেনালের। আজ ঘরের মাঠ এমিরেটসে গানাররা ২-১ গোলে লিডস ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থাকা প্রায় নিশ্চিত করল।
এই জয়ের পর ৩৫ ম্যাচে আর্সেনালের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৬ পয়েন্ট। সমান
ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তাদের পরেই টটেনহাম। চেলসি ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে।
প্রিমিয়ার লিগ থেকে চতুর্থ ও শেষ টিকিটের জন্য মূলত লড়াই হবে আর্সেনাল ও টটেনহামের
মধ্যে, যদিও চার পয়েন্ট এগিয়ে থেকে এখানে
অনেকটাই ফেভারিট আর্সেনাল। বৃহস্পতিবার টটেনহামের মাঠে উত্তর লন্ডন ডার্বি জিতলে
আর্সেনালের আর কোনো বাধাই থাকবে না। আর সেদিন স্পার্সরা জিতলে মীমাংসা হবে শেষ
রাউন্ডে।
তরুণ খেলোয়াড় এডি এনকেতিয়ার জোড়া গোলে ম্যাচের ১০ মিনিটেই সংহত অবস্থান
গড়ে দেয় আর্সেনাল। এরপর লুক আইলিং ২৭ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে
আর্সেনাল আরো সুবিধা পায়। ৬৬ মিনিটে দিয়েগো লরেন্তে এক গোল পরিশোধ করলেও
আর্সেনালের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিতে পারেনি লিডস।
এই হারের পর অবনমন অঞ্চলে নেমে গেছে লিডস। ৩৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে
তারা রয়েছে টেবিলের ১৮ নম্বরে। ওয়াটফোর্ড ও নরউইচ এরই মধ্যে অবনমিত হয়ে গেছে। লিডস, বার্নলে (৩৪ পয়েন্ট) ও এভারটনের (৩৫ পয়েন্ট)মধ্যে কোন দলটি অবনমিত হবে, তা নির্ধারণ হবে পরের তিন রাউন্ডে। আজ
লেস্টারকে ২-১ গোলে হারিয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে গেছে ফ্রাংক ল্যাম্পার্ডের এভারটন।










