লিগ ওয়ানে জয়ে ফেরার ম্যাচে নতুন লুকে ধরা দিলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। একেবারে ক্লিন শেভড মেসিকে দেখল পার্ক দ্য প্রাস। এর আগে ২০২১ সালে যখন তিনি পিএসজিতে আসেন তখন তিনি এমন লুকে ছিলেন। এর কিছুদিন পরে খোঁচা খোঁচা দাড়ি রাখেন তিনি। সেই লুকেই খেলেন স্বপ্নের কাতার বিশ্বকাপ।
বিশ্বকাপের পর ফর্ম ভালো যাচ্ছে না মেসির পিএসজির। ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোতে মার্শেইর বিপক্ষে হার দিয়ে শুরু হয় তাদের অশুভ যাত্রা। ওই ম্যাচের স্কোর লাইন ছিল ২-১। পরের ম্যাচে লিগেও হারে ফরাসি জায়ান্টরা। অবশ্য তারপরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
এরপর বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতেও ভাগ্য বদলাতে পারেনি গালতিয়েরের শিষ্যরা। সে ম্যাচে মেসি, নেইমার ও এমবাপ্পে; তিনজনই খেলেছিলেন। অনেকে তো বলেই ফেলছেন, পিএসজির জন্য যমদূতে পরিণত হয়েছে জার্মানির ক্লাবটি।
পিএসজির এমন টানা হারের সময়টাতেই নতুন লুক নিয়ে হাজির হলেন মেসি। দেখালেন ম্যাজিকও।
আজ রোববারও অঘটনের শঙ্কা উঁকি দিয়েছিল। লিগ ওয়ানে ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে এগিয়ে লিলে। আগের তিন ম্যাচ হেরে যাওয়া পিএসজির সামনে তখন টানা চতুর্থ হারের শঙ্কা। ৮৭তম মিনিটে ৩-৩ গোলের সমতা এনে দেন এমবাপ্পে। ম্যাচের ৯৪ মিনিটেও স্কোরলাইন ৩-৩। এরপরই দেখা গেলো মেসি ম্যাজিক।
ডি বক্সের বাইরে ফ্রি-কিক পায় পিএসজি। শেষ বাঁশির ঠিক আগে (৯৫ মিনিটে) সেই শট নেন বিশ্বসেরা ফুটবলার মেসি। তার শট বারপোস্টে লেগে লিলের জালে প্রবেশ করে। গোলকিপার বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননি। সবচেয়ে বড় বিষয় ম্যাচে গোল পেয়েছেন পিএসজির মেসি-এমবাপ্পে-নেইমার ত্রয়ী। এর মধ্যে জোড়া গোল এমবাপ্পের।










