‌'আমাদের ভাবনায় পরবর্তী ম্যাচ। তাই উদযাপনের সময় নেই। ট্র্যাকে থাকতে আজকের বিজয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছতে আরো লম্বা পথ পাড়ি দিতে হবে। আজ রাতের স্পিরিটের জন্য আমার দলের সকল খেলোয়াড়কে অভিনন্দন জানাই।'‌

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর টুইট বার্তায় এমন বিনয় ঝরে পড়লেও ফুটবল জগত ঠিকই তাকে অভিবাদন জানিয়েছে তার অসামান্য কীর্তিতে। কারণ এমন অর্জনে প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমন কেউ তার আশেপাশে নেই। স্বীকৃত ফুটবলে তিনিই একমাত্র খেলোয়াড় হিসাবে আটশো গোলের মাইলফলকে পৌঁছেছেন। এজন্য তাকে খেলতে হয়েছে ১০৯৭টি ম্যাচ। 

গতকাল বৃহস্পতিবার রাতে আর্সেনালের বিপক্ষে নিজ মাঠে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৯৯ টি গোল নিয়ে মাঠে নামেন ৫ বারের ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ তারকা। তার জোড়া গোলের সুবাদে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যান ইউ। ম্যাচের ৫২ মিনিটে মার্কাস রাসফোর্ডের সহযোগিতায় দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেওয়ার গোলেই অসামান্য অর্জনের মাইলফলকে পৌঁছান সিআর সেভেন। মাত্র ২ মিনিট পরই সমতায় ফিরে আর্সেনাল। পরে ৭০ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে জয় সূচক গোল করলে তার ব্যক্তিগত গোল সংখ্যাও বেড়ে দাঁড়ায় ৮০১ এ। 

আটশোর মাইলফলকে পৌঁছতে তিনি পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনে ৫ গোল, ম্যানচেস্টার ইউনাইটেডের দুই দফা ক্যারিয়ারে ১৩০ গোল, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল, জুভেন্টাসের হয়ে ১০১ গোল ও পর্তুগাল জাতীয় দলের জার্সিতে করেন ১১৫ টি গোল। এরমধ্যে জাতীয় দলের হয়ে ইরানি ফুটবলার আলী দাইয়ির রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। এছাড়া চ্যাম্পিয়ানস লিগে ও রিয়াল মাদ্রিদের হয়েও সর্বোচ্চ গোল রোনালদোর।

চেক প্রজাতন্ত্রের জোসেফ বাইকান, পেলে ও রোমারিওর গোল সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। বাইকানের গোল সংখ্যা কোথাও ৮২১, আবার কোথাও ৮০৫ বলা হয়। এছাড়া দুই ব্রাজিলিয়ানের গোলসংখ্যা হাজার বলে দাবি করেন কেউ কেউ। তবে এগুলো আন অফিসিয়াল ম্যাচ হওয়ায় সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায় না। 


যে সময় অবসরে যাওয়ার কথা সেই বয়সে খেলার ধার যেন আরো বাড়ছে ৩৬ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখন দেখার বিষয় ৮০১ থেকে সংখ্যাটা কোথায় গিয়ে থামে।