ইংলিশ লিগের দুই কোচ পেপ গার্দিওলা ও ইয়ুর্গেন ক্লপের মধ্যে রোমাঞ্চকর লড়াই জমে উঠেছে। ক্লাবের পারফরম্যান্সে দুই গুরুর অবস্থান এখন ঊনিশ-বিশে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৯ রাউন্ডের খেলা শেষে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০। পায়ে পায়ে হেঁটে ৬৯ পয়েন্ট লিভারপুলের। মাত্র এককদম দূরে অল রেডস। এ দূরত্ব কোনোভাবেই নিরাপদ নয় সিটিজেনদের জন্য।

মৌসুমের শেষ দিকে এসে শিরোপার কাছাকাছি অবস্থান দলগুলোর। ইতোমধ্যে ২০২১-২২ মৌসুমে চেলসিকে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছে লিভারপুল। সবগুলো বড় টুর্নামেন্টে শিরোপা লড়াইয়ে আছে দল দুটি। মৌসুমের শুরু থেকেই দ্বৈরথ শুরু হয় লিভারপুল-ম্যানসিটির। শেষ দিকে এসে একেকটা ম্যাচ তাদের জন্য এখন ফাইনালের সমান।

প্রিমিয়ার লিগের হিসেবটা যেমন, এফএ কাপেও তেমন! আগামী ১৬ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ম্যানসিটি-লিভারপুল। সেদিন ওয়েম্বলি স্টেডিয়াম থেকে বিদায় নিতে হবে একটি দলকে। শিরোপার মঞ্চে খেলবে যে কোনো একপক্ষ। সেই মহারণের আগে থেকেই তাদের একেকটি শিরোপা নির্ধারণী ফাইনালের মতো প্রতিদ্বন্দ্বীতা করতে হবে প্রিমিয়ার লিগে। সামনের প্রত্যেকটি ম্যাচই সিটি-রেডদের সামনে ফাইনালের মতো চ্যালেঞ্জ। হোঁচট খেলেই মহাবিপদ। শেষ পর্যন্ত এখান থেকে যে কোনো একটি দল লিগে শিরোপায় হাসতে পারে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি সঠিক পথেই ছিল। কিন্তু সর্বশেষ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ড্র, তার আগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হেরে ধাক্কা খায় গার্দিওলার দল। ম্যানসিটির হোঁচটই আশীর্বাদ হয় ক্লপের লিভারপুলের। শিরোপা পুনরুদ্ধারে ঘাড়ে উঠে বসে সিটির।

শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই। সেই চৌকাঠ পেরিয়ে এখন কোয়ার্টার ফাইনালে লিভারপুল-ম্যানসিটি। শেষ চারে ম্যানসিটির প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। লিভারপুল অবশ্য পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। সেমিফাইনালে খেলতে তাদের পেরোতে হবে পর্তুগালের ক্লাব বেনফিকার বাধা।