আইসিসি নারী টি২০ বিশ্বকাপে গত
শুক্রবার বাংলাদেশকে ৭১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। সেই কিউই নারীরাই এখন
বাংলাদেশের জয়ের প্রার্থনা করছে! সমীকরণ এমনই দাঁড়িয়েছে যে, আগামীকাল মঙ্গলবার
কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ জিতলেই নিউজিল্যান্ড উঠে যাবে
সেমিফাইনালে।
গ্রুপ-১ থেকে টানা চার জয়ে সবার
আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এখন দ্বিতীয় দল হিসেবে সেমিতে ওঠার রেসে
রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কিউইদের ভাগ্য এখন বাংলাদেশের হাতে। প্রোটিয়াদের
বিপক্ষে নিগার সুলতানারা জিতলেই সোফি ডিভাইন, সুজি বেটসরা উঠে যাবেন সেমিফাইনালে।
আর বাংলাদেশ হারলে বিদায় নেবে ব্ল্যাক ক্যাপস নারীরা।
রোববার রাতে শ্রীলংকাকে ১০২ রানে
হারিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে তোলে নিউজিল্যান্ড। অ্যামেলিয়া কের ৪৮ বলে ৬৬ ও সুজি
বেটস ৪৯ বলে ৫৬ রান করে নিউজিল্যান্ডকে এনে দেন ৩ উইকেটে ১৬২ রানের সংগ্রহ। জবাব
দিতে নেমে লংকানরা মাত্র ৬০ রানে অলআউট হয়ে গেলে তাদের সেমিফাইনালের স্বপ্নও শেষ
হয়ে যায়। অথচ তারা জিতলেই অস্ট্রেলিয়ার সঙ্গে সরাসরি উঠে যেত সেমিফাইনালে।
শ্রীলংকা ও নিউজিল্যান্ড উভয় দলের ঝুলিতে
সমান চার পয়েন্ট থাকলেও নেট রানরেটে কিউইরা এগিয়ে। নিউজিল্যান্ডের +০.১৩৮ ও
শ্রীলংকার (-)১.৪৬০। আবার কিউইদের চেয়ে শ্রেয়তর রানরেট স্বাগতিক দক্ষিণ আফ্রিকার (+০.৬৮৫)।
তাদের পয়েন্ট মাত্র দুই হলেও আগামীকাল বাংলাদেশকে হারালে চার পয়েন্ট হয়ে যাবে
প্রোটিয়াদের, সঙ্গে নেট রানরেটেও তারা টপকে যাবে নিউজিল্যান্ড ও শ্রীলংকাকে।
এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার
হার ব্যতিত সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ডের জন্য সম্ভব নয়। বাংলাদেশ টানা তিন
ম্যাচে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। এখন শুধু আনুষ্ঠানিকতা রক্ষা ও গৌরবের
জন্য ম্যাচটি জিততে নামবে নিগারের দল।
নিউজিল্যান্ডের মতোই পরিস্থিতি
ওয়েস্ট ইন্ডিজের। রোববার পাকিস্তানকে রুদ্ধশ্বাস লড়াইয়ে তিন হারে পরাজিত করে সেমিফাইনালের
আশা টিকিয়ে রাখে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। গ্রুপ-২ থেকে এখনো কারো টিকিট নিশ্চিত
হয়নি। আয়ারল্যান্ড (০) ছাড়া সুযোগ আছে ইংল্যান্ড (৬), ভারত (৪), ওয়েস্ট ইন্ডিজ (৪),
পাকিস্তান (২) সবারই।
আজ সন্ধ্যায় ভারত খেলবে আয়ারল্যান্ডের
বিপক্ষে। এই ম্যাচে জিতলে ইংল্যান্ডকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে উঠে যাবেন
হারমানপ্রিত কউর, স্মৃতি মন্ধানারা। আর যদি আইরিশরা অঘটন ঘটাতে পারে এবং বড়
ব্যবধানে জয় পায়, তবেই কেবল ওয়েস্ট ইন্ডিজের আশা বেঁচে থাকবে। তবে এখানেই শেষ নয়।
আগামীকাল ইংল্যান্ডের কাছে পাকিস্তানকে হারতে হবে। আবার আজ ভারত হারলে সুযোগ তৈরি
হবে পাকিস্তানের। সেক্ষেত্রে আগামীকাল ইংল্যান্ডকে হারিয়ে বিসমাহ মারুফরা পেতে
পারেন সেমির টিকিট। তাদের নেট রানরেট +০.৯৮১, আর ওয়েস্ট ইন্ডিজের (-) ০.৬০১।
আগামী বৃহস্পতি ও শুক্রবার দুটি
সেমিফাইনাল। রোববার অষ্টম টি২০ বিশ্বকাপ ফাইনাল।










