সোমবার কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। দেশের জন্য গৌরব বয়ে আনা নারী ফুটবল দলকে বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে সংবর্ধনা জানানোর ব্যবস্থা করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
মূলত বাংলাদেশ দলের খেলোয়াড় সানজিদা আক্তারের একটি আবেগঘন ফেসবুক পোস্টের পরই ছাদ খোলা বাস তৈরির উদ্যোগ নেয়া হয়। ফাইনালের আগের দিন সানজিদা লেখেন, ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনিকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে এটি সাহায্য করেছে তাদের জন্য এটি জিততে চাই।
হূদয় দিয়ে, বুক চিতিয়ে লড়ে নেপালকে হারিয়ে সাফ শিরোপা দেশে নিয়ে আসছেন সানজিদা, কৃষ্ণা ও সাবিনারা। কিন্তু সানজিদার ওই পোস্ট নাড়া দেয় গোটা বাংলাদেশকে। সামাজিকযোগাযোগ মাধ্যমেও তাদের জন্য ছাদ খোলা বাসের ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে। এ আহ্বানে সাড়া দিয়ে দেশকে প্রথমবারের মতো নারী সাফ শিরোপা এনে দেয়া ফুটবলাদের যোগ্য সম্মান প্রদানের উদ্যোগ নেয়া হয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সোমবার ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে বলছিলেন, সাবিনাদের আক্ষেপ দেখে আমাদের অন্তরে ব্যথা লেগেছে। আমাদের যদিও ছাদ খোলা কোনো বাস নেই ঢাকায়, তারপরও আমরা তাদের জন্য একটা ব্যবস্থা করেছি। তাদের ছাদখোলা বাসে বিমানবন্দর থেকেই সংবর্ধনা দেব আমরা। বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত তাদের আমরা নিয়ে যাব। তাদের মনের আশা পূরণ করব।
সোমবার রাতেই বিআরটিসির সঙ্গে এ নিয়ে যোগাযোগ করে ক্রীড়া মন্ত্রণালয়। বিআরটিসিও এতে দ্রুত সাড়া দেয় এবং আজ মঙ্গলবার ভোরেই একটি দ্বিতল বাসের ছাদ খোলা শুরু হয়। এ নিয়ে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেছেন, নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। বসার আসনগুলো সরিয়ে ফেলার কাজও চলছে। আজ রাতের মধ্যেই বাসটি প্রস্তুত হয়ে যাবে।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গে মতিঝিল বিআরটিসি বাস ডিপোতে কাজ শুরু হয়ে যায়। ছাদ খোলার পাশাপাশি বাসের গায়ে চ্যাম্পিয়ন স্টিকারও লাগানো হচ্ছে।
উল্লেখ্য, ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপে ১৪টি আসরের মধ্যে বাংলাদেশ একবার শিরোপা জিততে পেরেছে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সেই আসরের সাফল্যের পর দেশে বড় কোনো শিরোপা উত্সব হয়নি। এবার মেয়েদের কল্যাণে ঘুচল দীর্ঘ আক্ষেপ। নেপাল থেকে শিরোপা নিয়েই কাল দেশে ফিরছে গোলাম রব্বানী ছোটনের দল।










