অবশেষে স্বস্তির জয়। বহুল
কাঙ্ক্ষিত জয় ধরা দিল বাংলাদেশ দলের হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে দুবার শ্রীলংকার
মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। তার ওপর বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সহযোগী দেশ
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। আজও
দুর্দান্ত বোলিংয়ের পর লংকানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন দলের টপ অর্ডার ব্যাটাররা।
তখনই ত্রাতা হলেন তাওহীদ হৃদয়। তার ঝোড়ো ব্যাটিংয়ে ২ উইকেটের স্বস্তির জয় তুলে নিয়েছে
বাংলাদেশ।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি
স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা শ্রীলংকা পড়ে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও রিশাদ
হোসেনের আক্রমণের মুখে। পেস ও স্পিনের সাঁড়াশি আক্রমণে এই তিনজন তুলে নেন ৮ উইকেট।
তরুণ পেসার তানজিম সাকিবও দারুণ বোলিং করেন। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে লংকানরা
সর্বসাকল্যে ৯ উইকেটে মাত্র ১২৪ রানের পুঁজি দাঁড় করাতে পেরেছে।
১২৫ রান তাড়া করতে নেমে
বাংলাদেশের টপ অর্ডারের সেই চিরচেনা রূপ। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক
নাজমুল হোসেন শান্তর বিদায় দলের ২৮ রানের মধ্যেই। ততক্ষণে ষষ্ঠ ওভার চলছে। তখনই নায়কের
আগমন। যেন ‘এলেন, দেখলেন, জয় করলেন’। তাওহীদ হৃদয়। ২৩ বছরের তরুণ খেললেনও হৃদয় দিয়ে।
দলের প্রয়োজনের মুহূর্তে ১টি চার ও ৪টি ছক্কায় ২০ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলে
টাইগারদের বুকের ওপর থাকা পাথরটা নামিয়ে দিলেন হৃদয়।
লিটন দাসকে নিয়ে চতুর্থ
উইকেটে ৩৮ বলে ৬৩ রান যোগ করেছেন হৃদয়। এই জুটিটাই ব্যবধান গড়ে দিয়েছে। হৃদয় দলীয় ৯১
রানে আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ আরো চারটি উইকেট হারিয়েছে। তবে জিততে অসুবিধা হয়নি।
৮ উইকেট হারিয়ে ১৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগার বাহিনী।
হৃদয় যখন সাজঘরে ফিরছেন
তখন জয় পেতে ৫০ বলে ৩৪ রান দরকার টাইগারদের। সেই ম্যাচটাই কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব
আল হাসান ও রিশাদ হোসেনরা। শেষ ২৪ বলে দরকার ছিল ১৭ রান, বাকি ৫ উইকেট। সহজ কাজটি কঠিন
করে তুলেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সেটি এসে দাঁড়িয়েছিল স্নায়ুর লড়াইয়ে। মাহমুদউল্লাহ
সে স্নায়ুচাপের মুখে জিতেছেন। ১৩ বলে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলে জিতিয়েছেন দেশকে।
আর সব শঙ্কা উড়িয়ে অবশেষে জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ। লংকানদের ২ উইকেটে হারিয়ে
বিশ্বকাপ মিশন শুরু করেছে টাইগাররা।
এর আগে প্রথমে ব্যাটিং
করা শ্রীলংকাকে বল হাতে নাজেহাল করেছেন রিশাদ, মুস্তাফিজ ও তাসকিনরা। নিয়ন্ত্রিত বোলিংয়ের
পাশাপাশি রিশাদ-ফিজ তিনটি করে উইকেট নিয়েছেন। জোড়া উইকেট নেন তাসকিনও। লংকানদের হয়ে
সর্বোচ্চ ৪৭ রান করেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা। এ ছাড়া আর কেউ বলার মতো রান না পাওয়ায়
অল্প পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে লংকানদের।
সোমবার রাতে নিউইয়র্কে
দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে প্রোটিয়ারা।
দুই দলেরই ঝুলিতে দুই পয়েন্ট এবং দুটি দলই হারায় শ্রীলংকাকে। লংকানরা বুধবার ফ্লোরিডায়
খেলবে নেপালের বিপক্ষে।










