প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ক্লাবের আধিপত্যের অবসান ঘটিয়ে গত মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা জিতে নেয় লিল। ২০২১-২২ মৌসুমে এসে লিগ শিরোপা পুনরুদ্ধার করল প্যারিস জায়ান্টরা। আজ রোববার বাংলাদেশ সময় ভোর রাতে অনুষ্ঠিত ম্যাচে লেঁসের সঙ্গে ১-১ গোলে ড্র করেও শিরোপা নিশ্চিত করে মাউরিসিও পচেত্তিনোর দল। ফ্রেঞ্চ লিগে সর্বোচ্চ ১০টি শিরোপা জিতে এতিয়েনের রেকর্ডে ভাগ বসাল পিএসজি।

 

শিরোপা জিততে আজ মাত্র এক পয়েন্টের প্রয়োজন ছিল পিএসজির, তা এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ৬৮ মিনিটে নেইমারের পাস থেকে গোলটি করেন তিনি। বল পেয়ে প্রথম টাচেই অবিশ্বাস্য এক বাঁকানো শটে বলকে জালে পাঠিয়ে দেন ৩৪ বছর বয়সী সুপারস্টার। ৮৮ মিনিটে সমতা আনেন কোরেন্তিন জঁ। দুটি হলুদ কার্ড দেখায় ৫৭ মিনিটে মাঠ ছাড়তে হয় লেঁসের কেভিন ডানসোকে। তবু দমেনি ক্লাবটি। জিততে দেয়নি পিএসজিকে। এই ম্যাচটি না জিতলেও শিরোপা উত্সব ঠিকই করেছে স্বাগতিকরা।    উল্লেখ্য, কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো লিগ শিরোপার স্বাদ পেলেন পচেত্তিনো।

 

২০১১ সালে কাতারি মালিকানায় যাওয়ার পর এটা পিএসজির অষ্টম লিগ শিরোপা, আর সব মিলে ক্লাবের ইতিহাসে দশম। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত টানা চারটি জয়ের পর ২০১৭ সালে শিরোপা জিতে নেয় মোনাকো। এরপর আবারো টানা তিনটি লিগ শিরোপা জেতে পিএসজি। গত বছর লিলের কাছে শিরোপা হারালেও এবার তা পুনরুদ্ধার করলেন মেসি, নেইমার, এমবাপ্পেরা। কাতারি আমলের াগে পিএসজির দুটি শিরোপা আসে ১৯৮৬ ও ১৯৯৪ সালে।

 

৩৪ রাউন্ড শেষে ৭৮ পয়েন্ট নিয়ে অন্যদের ধরাছোঁয়ার বাইরে চলে গেল পিএসজি, ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।