শেষ ছয় ম্যাচের মধ্যে পাঁচ হারের তকমা নিয়ে রোববার স্যান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। রিয়ালের দূর্গ হলেও পিয়েরে এমেরিক অবামেয়াং আর ফেরান তোরেসদের উজ্জীবিত ফুটবলের সামনে চেনাই গেল না লস ব্লাঙ্কোসদের। লা লিগায় মৌসুমের দ্বিতীয় ও শেষ এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা। এই জয় শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছেন, তার দল রিয়ালের মাঠে এতটা সহজ জয় পাবে তা তিনি আশা করেননি!
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, এটা আমাদের কঠোর পরিশ্রমের ফল। তাদের মাঠে এতটা ভালো ফল আমি কিন্তু আশা করিনি। আমি তো ভেবেছিলাম ম্যাচটি উন্মুক্ত হবে। আমি অনেক খুশি।
২০০৯ সালে বার্নাবুতে ৬-২ গোলে রিয়ালকে বিধ্বস্ত করেছিল পেপ গার্দিওলার বার্সা। সেই জয়ের সঙ্গে এবারের জয়ের তুলনা প্রসঙ্গে জাভি বলেন, এ নিয়ে তুলনা করা চলে না। এই ম্যাচ নিয়ে বলল, গোল আর আমাদের খেলার হিসেবে আমরা অনেক শ্রেয়তর ছিলাম। আমরা হাসি মুখ দিয়ে মাঠ ছাড়তে পেরেছি এটাই বড় কথা।
তবে এখানেই মিশন শেষ নয়। জাভির কথায়, আমাদের পরিশ্রম করে যেতে হবে। এটা কোনো ট্রফি নয়। আমাদের বিনয়ী হতে হবে। আমাদের আজ (রোববার জয় শেষে) উদযাপন করতে হবে এবং বিশ্রাম নিয়েই সেভিয়া ম্যাচ নিয়ে ভাবতে হবে। এটা স্রেফ তিন পয়েন্ট। এটা কিন্তু লা লিগা জয়ের জন্য যথেষ্ট নয়, এটা জয় করা খুব কঠিন। যদিও এটা লিগ লিডারদের (রিয়াল) জন্য বিরাট হতাশাজনক।
খেলার প্রথমার্ধে দু’বার এবং দ্বিতীয়ার্ধের শুরুতে দু’বার রিয়ালের জালে বল পাঠান কাতালানরা। দলের জয়ে জোড়া গোল করেন অবামেয়াং (২৯ ও ৫১ মিনিট)। একবার করে জালের দেখা পেয়েছেন ফেরান তোরেস (৪৭ মিনিট) ও রোনাল্ড আরাহো (৩৮ মিনিট)।
২০২১-২২ মৌসুমে লা লিগায় প্রথম এল ক্ল্যাসিকোয় ক্যাম্প ন্যু থেকে ১-২ গোলের জয় নিয়ে ফিরেছিল লস ব্ল্যাঙ্কোসরা। মাঝে স্প্যানিশ সুপার কাপেও একবার দেখা হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে সেই ম্যাচেও কাতালানদের ৩-২ গোলে হারায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। ২০১৮-১৯ মৌসুমের পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় পেল বার্সা।
পরাজয় মেনে নিয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বললেন, আমাদের মোটেও চেনা যায়নি, সবকিছু ভুল ছিল। আমি খেলোয়াড়দের বলেছি যে, এটা (পরাজয়) আমার ভুলেই। তবে কোনো কিছু নিয়ে দোষারোপ নয়। আসলে আমরা খুব খারাপ খেলেছি। এই হারে আমি খুব হতাশ। সমর্থকদের কাছে আমি দুঃখপ্রকাশ করছি। তবে আমাদের শান্ত থাকতে হবে।
এ হারের পরও ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট শীর্ষেই থাকল আনচেলত্তির শিষ্যরা। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। আর এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সা।










