আগামীকাল বুধবার চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ছয় মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ।
সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে। দীর্ঘদিন পর ওয়ানডেতে মাঠে
নামার অপেক্ষায় থাকা বাংলাদেশের ছন্দ পেতে কোনো সমস্যা হবে না বলে বিশ্বাস অধিনায়ক
তামিম ইকবালের।
প্রথম ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল
সকাল ১১টায় শুরু হবে। তার আগে আজ পুরো দল অনুশীলন করেছে।
অনুশীলনের পর গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক তামিম। অনেকদিন পর পঞ্চাশ
ওভারের ক্রিকেটে ফেরায় দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, গত জুলাইয়ে
সর্বশেষ ওয়ানডে খেলেছিলাম। ৬-৭ মাস পর এসেছি। তবে সবাই রোমাঞ্চিত। নিঃসন্দেহে এটা
আমাদের প্রিয় ফরম্যাট। এ বছর বেশ কয়েকটা ওয়ানডে আছে। গত বছর ততটা ছিল না। কালকের
জন্য মুখিয়ে আছি। আশা করছি ভালো শুরু পাব আমরা।
আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ আইসিসি ওয়ানডে সুপার লিগের
অংশ,
যে
প্রতিযোগিতায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে
থাকা ইংল্যান্ডের পরই বাংলাদেশের অবস্থান। আফগানিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডেতে ৩০
পয়েন্ট পাওয়ার হাতছানি তামিমদের সামনে। মুখোমুখি লড়াইয়ে ৮ ম্যাচে ৫ জয়ে এগিয়ে থাকা
বাংলাদেশ অবশ্য অতিথি দল আফগানিস্তানকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। বরং ম্যাচ ধরে
ধরে এগিয়ে যাওয়ার কথা বললেন তামিম। এজন্য শুরুটা ভালো করতে মুখিয়ে তিনি।
তামিম বললেন, ৩-০ এখনো অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচ
কীভাবে শুরু করি এটা বেশি গুরুত্বপূর্ণ। কে না চাইবে ৩-০ না করতে? ওরাও চাইবে।
তবে দূরেরটা চিন্তা না করে আমরা আগে কাল শুরু করি।
২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল। যেখানে সাকিবের
অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ হেসেখেলে জিতেছিল। এবারো ঘরের মাঠে তাদের হারাতে
আত্মবিশ্বাসী ওয়ানডে অধিনায়ক। তামিম বলেন, চ্যালেঞ্জের
কিছু না। আমরা কমবেশি সবাই অভিজ্ঞ। ওদের সঙ্গে ওয়ানডে দিয়ে শুরু করাটা সঠিক
সিদ্ধান্ত। ওয়ানডেতে অবশ্যই আমরা ভালো দল। ছন্দে ফেরাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সবাই খেলার মধ্যে আছে, এটা ইতিবাচক। দল হিসেবে ভালো করতে হবে।
তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না তামিম। তিনি বলেন, ওয়ানডেতে তাদের
বিপক্ষে আমরা সবসময়ই ভালো করেছি। তারা ভালো দল এতে কোনো সন্দেহ নেই। মানসম্পন্ন
বোলিং আক্রমণ আছে তাদের। তবে এই বোলিং আক্রমণের বিপক্ষেই আমরা আগে ভালো করেছি। কাল
যারা খেলবে, ব্যাট হাতে সবাই ছন্দে আছে।










