দশম বাংলাদেশ প্রিমিয়ার
লিগের (বিপিএল) খেলা ফিরেছে ঢাকায়। আজ মঙ্গলবার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত
ঢাকাকে ৬০ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করেছে
নুরুল হাসান সোহানের দল।
অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে
আজ রংপুরকে জেতান সাকিব আল হাসান। ব্যাট হাতে ২০ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করার
পর বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশ জাতীয়
দলের এই অধিনায়ক।
এর আগে বাবর আজম (৪৩ বলে
৪৭), রনি তালুকদার (২৪ বলে ৩৯), সাকিব (২০ বলে ৩৪) ও মোহাম্মদ নবির (১৬ বলে ২৯) ব্যাটে
ভর করে ৪ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। ঢাকার মোসাদ্দেক হোসেন ২টি
এবং আরাফাত সানী ও সাব্বির হোসেন ১টি করে উইকেট নেন।
বড় স্কোর তাড়া করতে নেমে
মোহাম্মদ নাঈম শেখ ছাড়া ঢাকার আর কেউই দাঁড়াতে পারেনি। নাঈম ৩১ বলে ৪৪ রান করেন ৩ চার
ও ৩ ছক্কায়। শেষ দিকে ইরফান সুক্কুর ১৫ বলে ২১ ও তাসকিন আহমেদ ৮ বলে ১৫ রান করেন। সাকিব
ছাড়াও বোলিংয়ে ভালো করেন শেখ মেহেদী হাসান (২/২২), সালমান ইরশাদ (২/১৭) ও হাসান মাহমুদ
(২/২০)।
এই জয়ের পর ৭ ম্যাচে ১০
পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থান সংহত করেছে রংপুর। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে
খুলনা টাইগার্স। এরপর যথাক্রমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স (৮), কুমিল্লা ভিক্টোরিয়ান্স
(৬), ফরচুন বরিশাল (৬), সিলেট স্ট্রাইকার্স (২) ও দুর্দান্ত ঢাকা (২)।
যদিও খুলনার সামনে সুযোগ
থাকবে রংপুরকে ধরে ফেলার কিংবা টপকে যাওয়ার। তারা রংপুরের চেয়ে দুই ম্যাচ কম খেলে সুবিধাজনক
অবস্থানে রয়েছে।
আজ সন্ধ্যায় মাঠে গড়াবে
চট্টগ্রাম ও বরিশালের ম্যাচ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
মিরপুরে দ্বিতীয় পর্বে
মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। ২১ ফেব্রুয়ারি
থেকে ১ মার্চ পর্যন্ত ঢাকায় এবারের আসরের পঞ্চম ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে।










