মঙ্গলবার থেকে শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আটের লড়াইয়ে দুটি ম্যাচে আজ বুধবার মাঠে নামছে চারটি দল। স্ট্যামফোর্ড ব্রিজে রাত ১টায় বিগ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও চেলসি। একই সময়ে এল মাদ্রিগালে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল লড়বে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
২০১৫ সালে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। এর কিছুদিন পরই বরখাস্ত তিনি! দ্বিতীয় দফায় রিয়ালে ফিরে দারুণ গুছিয়েছেন দলকে। লা লিগায় আছেন শিরোপার পথে। চ্যাম্পিয়নস লিগেও এখন পর্যন্ত সঠিক পথে আছে ১৩ বারের চ্যাম্পিয়নরা।
তার পরেও চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোয় পিএসজিকে উড়িয়ে দিয়ে পরের ম্যাচেই লা লিগায় বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। আহত রিয়ালের ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়ে। করিম বেনজিমা ফেরায় উজ্জীবিতও তারা। তবে বাস্তবতা হচ্ছে চেলসির কাছে গতবার সেমিফাইনালে হেরে বাদ পড়েছিল রিয়াল। এবার তাই প্রতিশোধ নিতে মুখিয়ে আনচেলোত্তির শিষ্যরা।
সেল্ট ভিগোর বিপক্ষে জিতলেও রিয়ালের খেলায় সেরকম ধার ছিল না। উল্টো অসাধারণ কিছু সেভ করে দলকে বাঁচিয়েছেন থিবো কর্তোয়া। ম্যাচে তিন তিনটা পেনাল্টি না পেলে জেতাটা সহজ হতো না তাদের।
সেই ম্যাচের পর চেলসির বিপক্ষে নামার আগে সতীর্থদের আগেই সতর্ক করে দিলেন মাদ্রিদ গোলকিপার কর্তোয়া। বলেছেন, জানি না, আমরা জেতার মতো খেলতে পেরেছি কি না। আমাদের খেলায় তীব্রতা ছিল না। চেলসিকে হারাতে হলে আরো আক্রমণাত্মক হতে হবে।
তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে নিয়ে অনেক অলোচনা। নিষিদ্ধ হয়েছেন রাশিয়ান মালিক রোমান আব্রামোভিচ। ক্লাব বিক্রি করতে হচ্ছে তাকে। নানা বিধি-নিষেধের বেড়ায় আটকে পড়া দলটি প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে।
ম্যাচটা খেলার সময় কি রিয়াল নিয়েই ভাবছিলেন, এমন প্রশ্নের জবাবে চেলসি কোচ টমাস টুখেল জানিয়েছেন, সেটা কেন? আমাদের পুরো মনোযোগই ছিল। ওরা আসলে দুর্দান্ত খেলেছে। ধাক্কাটা রিয়ালের বিপক্ষে দ্রুত কাটাতে হবে আমাদের। জানি রিয়াল ঝড় তুলতে স্টাম্পফোর্ড ব্রিজে আসবে। সেটা সামলাতে হবে আমাদের।
রিয়ালের বিপক্ষে কখনো হারের তেতো স্বাদ পাননি টুখেল। মুখোমুখি ছয় ম্যাচের জিতেছেন দুটি, ড্র চারটিতে। তা ছাড়া পরিসংখ্যান বলছে, ১৩ বার চ্যাম্পিয়নস লিগ জিতলেও চেলসিকে এই টুর্নামেন্টে হারাতে পারেনি রিয়াল।
অন্য দিকে শেষ ষোলোতে জুভেন্টাসের মতো প্রতিপক্ষকে দ্বিতীয় লেগে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল ভিয়ারিয়াল। ‘ইয়োলো সাবমেরিন’ খ্যাত দলটিকে তাই সমীহ করেই নামবেন রবার্ত লেভানদোভস্কিরা।
চ্যাম্পিয়নস লিগ
রাতে রিয়াল-চেলসির লড়াই
মঙ্গলবার থেকে শুরু হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আটের লড়াইয়ে দুটি ম্যাচে আজ বুধবার মাঠে নামছে চারটি দল। স্ট্যামফোর্ড ব্রিজে রাত ১টায় বিগ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও চেলসি। একই সময়ে এল মাদ্রিগালে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল লড়বে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে।










