ইউরোপের মহাদেশীয় মঞ্চে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায়ের শংকায় প্যারিস সেন্ট জার্মেই। ক্রিস্তফ গ্যালাতিয়ের শিষ্যদের তুলোধুনা করছে ফরাসি মিডিয়া। সম্প্রতি শোনা যাচ্ছিল আগামী মৌসুমে নাকি নেইমারকে বিক্রি করে দেবে পিএসজি। ফরাসি গণমাধ্যমের খবর শুধু নেইমার নয় মৌসুম শেষে ক্লাব ছাড়বেই আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিও।

গত শনিবার মোনাকোর কাছে ৩-১ গোলে হারের পর ড্রেসিংরুমে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোসের সঙ্গে তর্ক হয়েছিল নেইমারের। সেটা গণমাধ্যমে স্বীকার করে নেন নেইমার, ‘একটা বিষয় নিয়ে সামান্য আলোচনা হয়েছিল। আমরা সে বিষয়ে একমত ছিলাম না। প্রতিদিনই এমন কিছু না কিছু ঘটে।ফুটবলে শুধু ভালোবাসা আর বন্ধুত্বই থাকে না, এখানে কিছু বিষয় নিয়ে মতের অমিল থাকবে।  এটাও ফুটবলের অংশ। সেই বিষয় নিয়ে আলোচনা হবে।’

তবে ফরাসি পত্রিকা ফুক মার্কার মতে, লুইস ক্যাম্পোসের সঙ্গে তর্কের পর নাকি পিএসজি কর্তারা নেইমারকে বিক্রির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে পিএসজি’র সঙ্গে চুক্তির একদম কাছে ছিলেন মেসি। কিন্তু সম্প্রতি পিএসজিতে একের পর এক অঘটনে তিনিও নাকি চুক্তি নবায়ন করতে চান না। ৩৫ বছর বয়সী মেসি মৌসুম শেষে যুক্তরাষ্ট্রের এমএলএস লিগের দল ইন্টার মিয়ামিতে যোগ দিতে চান।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া নেইমারের সঙ্গে ক্লাবের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হচ্ছে আসছে গ্রীষ্মে। এর পরই ফ্রি এজেন্ট হয়ে যাবেন আর্জেন্টাইন তারকা।