আগামীকাল বুধবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বার্সেলোনার বিপক্ষে খেলবে নাপোলি। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগেই কোচ পাল্টেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সিরি ‘আ’তে বাজে সময় কাটানো দলটি সোমবার রাতে বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে।

ওয়াল্টার মাজ্জারির পরিবর্তে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে নতুন কোচ হিসেবে নিয়োগও দিয়েছে নাপোলি।

মাজ্জারি এ মৌসুমে নাপোলি থেকে বরখাস্ত হওয়া দ্বিতীয় কোচ। গত বছরের নভেম্বরে রুডি গার্সিয়াকে বরখাস্ত করার পর কোচের দায়িত্ব পেয়েছিলেন মাজ্জারি। এক মৌসুমে দুই কোচকে বরখাস্ত করে রেকর্ডও গড়েছে নাপোলি। সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরের মৌসুমে কোনো ক্লাব এর আগে দুবার কোচ পাল্টায়নি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) মাজ্জারিকে বরখাস্ত করার পর নাপোলি সভাপতি অরেলিও দি লরেন্তিস ইতালির টেলিভিশন চ্যানেল স্কাই স্পোর্টকে বলেন, ‘আমি ডি লরেনটিস পরিবার ও নাপোলির বন্ধু মাজ্জারিকে ধন্যবাদ জানাতে চাই। কঠিন একটি মুহূর্ত থেকে তিনি দলকে রক্ষা করতে সাহায্য করেছেন।

নতুন কোচ কালজোনার সঙ্গে মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছে নাপোলি। এ সময়ে স্লোভাকিয়ার কোচ হিসেবেও দায়িত্ব পালন করে যাবেন কালজোনা। কালজোনার কোচিংয়েই ২০২৪ ইউরোর চূড়ান্ত পর্বে উঠেছে স্লোভাকিয়া।

মাজ্জারি প্রথম মেয়াদে ২০০৯-২০১৩ সাল পর্যন্ত নাপোলির দায়িত্বে ছিলেন। তার সংক্ষিপ্ত দ্বিতীয় মেয়াদ মোটেই সুখকর হয়নি। মাজ্জারির অধীনে নাপোলি ২০১২ সালে অপরাজিত লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ফাইনালে হারিয়ে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল। দুই দশকের মধ্যে এটাই ছিল নাপোলির প্রথম শিরোপা।

এজেকুয়েল লাভেজ্জি, মারেক হামসিক, এডিনসন কাভানিদের নিয়ে সাজানো দুর্দান্ত দলটিকে সিরি-এ লিগে দ্বিতীয় স্থান উপহার দিয়ে ২০১৩ সালের মে মাসে চাকরি ছেড়েছিলেন মাজ্জারি। তবে এবারের তিন মাসের মেয়াদে গতবারের চ্যাম্পিয়নদের কোনদিক থেকে সহযোগিতা করতে পারেননি।