ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। গতকাল আইসিসির প্রকাশিত এক বিবৃতিতে এপ্রিলের সেরা ক্রিকেটার হিসেবে মিরাজের নাম ঘোষণা করা হয়। এ পুরস্কারের দৌড়ে তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।
প্রথমবারের মতো ‘আইসিসি মাসসেরা পুরস্কার’ অর্জন করেছেন এ অলরাউন্ডার। এর আগে বাংলাদেশে এ সম্মান পেয়েছিলেন কেবল সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।
সিলেট টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে ব্যাটে-বলে সমান দ্যুতি ছড়ান মিরাজ। দুই টেস্টে ৩ ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩৮.৬৬ গড়ে এক সেঞ্চুরিসহ মোট ১১৬ রান করেন মিরাজ। ৪ ইনিংসে বোলিং করে সর্বোচ্চ ১৫ উইকেট নেন। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ে বড় অবদান ছিল তার। ব্যাট হাতে করেন ১০৪ রান, বল হাতে নেন আরো ৫ উইকেট।










