ওয়ানডে ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরিতে শচীন টেন্ডুলকারকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। ৫০ ওভারের ফরম্যাটে যুগ্মভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে ৩৫তম জন্মদিনও রাঙালেন তিনি। আজ রোববার কলকাতার ইডেন গার্ডেনস স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি।

কোহলি সেঞ্চুরি করার পরপরই তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ শচীন নিজের ৫০ বছর পূর্ণ হওয়ার বিষয় টেনে মজা করে পোস্ট দিয়েছেন, ‘ভালো খেলেছো বিরাট। এ বছর ৪৯ থেকে ৫০-এ যেতে আমার ৩৬৫ দিন লেগেছে। আশাকরি, আগামী কয়েকদিনের মধ্যেই তুমি ৪৯ থেকে ৫০-এ পৌঁছাবে এবং আমার রেকর্ড ভেঙে দেবে। অভিনন্দন।’

চলতি বছর দুর্দান্ত ফর্মে রয়েছেন কোহলি। এখন পর্যন্ত চার সেঞ্চুরিতে এক হাজারেরও বেশি রান করেছেন ৭২.১৮ গড়ে। এ নিয়ে অষ্টমবার এক পঞ্জিকাবর্ষে হাজারের বেশি রান করলেন তিনি। এখানেও তিনি টপকে গেছেন শচীনকে, যিনি সাতবার বছরে হাজার রান করেছেন।

ওয়ানডেতে শচীনকে ছুঁয়ে ফেললেও টেস্টে তা কঠিনই হবে কোহলির জন্য। ৫১টি সেঞ্চুরি করে রেকর্ডটা ধরে রেখেছেন শচীন। তার পরের নয়জনই অবসর নিয়েছেন। বর্তমানে যারা খেলছেন তাদের মধ্যে ৩২টি সেঞ্চুরি করে কাছাকাছি আছেন স্টিভ স্মিথ। কোহলির টেস্ট সেঞ্চুরি ২৯টি।