চলতি দশম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভেন্যু ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। ঢাকায় প্রথম পর্বে ৮ ম্যাচ শেষে বিপিএল চলে যায় সিলেটে। চায়ের শহরে ১২টি ম্যাচ শেষে বিপিএল আবার ঢাকায় ফিরেছে। আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে ঢাকার দ্বিতীয় পর্ব।

 

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই পর্বে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৩ ফেব্রুয়ারি বিপিএল যাবে বন্দরনগরী চট্টগ্রামে। ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ঢাকায় এবারের আসরের পঞ্চম ও শেষ পর্ব অনুষ্ঠিত হবে।

 

মঙ্গলবার বিপিএলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্সের ম্যাচ, সন্ধ্যায় মাঠে গড়াবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশালের ম্যাচ।

 

৩ ফেব্রুয়ারি সিলেট পর্বের সর্বশেষ ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৭৭ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় রংপুর। তাদের ১৬২ রানের জবাবে সিলেট গুটিয়ে যায় ৮৫ রানে। খুলনা টাইগার্সকে দুইয়ে নামিয়ে দেয় রংপুর। যদিও তাদের চেয়ে খুলনা এক ম্যাচ কম খেলেছে।


 

৬ ম্যাচে ৮ পয়েন্ট সংগ্রহ করে রংপুর রয়েছে এক নম্বরে, ৫ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে খুলনা। টেবিলের ছয় নম্বর দল ঢাকাকে (৫ ম্যাচে ২ পয়েন্ট) হারিয়ে আগামীকাল শীর্ষস্থান আরেকটু সংহত করার সুযোগ নুরুল হাসান সোহানদের। যদিও খুলনার সামনে সুযোগ থাকবে তাদের ধরে ফেলার কিংবা টপকে যাওয়ার। ঢাকাও জয়ে ফিরতে চাইবে। সিলেটের বিপক্ষে আগের ম্যাচে শরিফুল ইসলাম ৪ উইকেট শিকার করে ভিত গড়ে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে দলটি।

 

মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামকে হারিয়ে টেবিলের তিনে ওঠার সুযোগ রয়েছে বরিশালের সামনে। সিলেটে সর্বশেষ ম্যাচে খুলনাকে ৫ উইকেটে হারায় বরিশাল। সেটাই ছিল খুলনার প্রথম হার। এবার বরিশালের সামনে চট্টগ্রাম, যারা ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের দুইয়ে। বরিশাল ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে। চট্টগ্রামের (-০.৩৪৫) চেয়ে শ্রেয়তর নিট রানরেট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বরিশাল (০.২৮৪)।