দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। আজ সেঞ্চুরিয়নে তৃতীয় ওয়ানডে ম্যাচে কর্তৃত্ব করে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে দিয়েছে টাইগাররা। ২০ বছরের চেষ্টায় এই প্রথম যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল বাংলাদেশ।
গৌরবের এই জয় শেষে বোলারদের কৃতিত্ব দিলেন তামিম। বোলাররাই প্রোটিয়াদের ১৫৪ রানে অলআউট করে জয়ের ভিত গড়ে দেন বাংলাদেশকে। তাসকিনের ৫ উইকেট শিকার এবং ম্যাচ ও সিরিজসেরার পুরস্কার গ্রহণ নিয়ে তিনি বলেন, আমি খুবই গর্বিত মানুষ, বিশেষ করে কোনো বাংলাদেশি ৫ উইকেট নিয়ে আমাদের জন্য সিরিজ জিতল আর সিরিজসেরাও হলো। বর্তমান ও সাবেক কোচদের কৃতিত্ব দেব। এটা বিরাট অর্জন।
তিনি আরো বলেন, আমরা যখন ট্যুরে যাই তখন ম্যাচ ও সিরিজ জিততে পারি, এই বিশ্বাস আছে। ওয়ানডে ক্রিকেট থেকে আমরা অনেক গৌরব বয়ে এনেছি। এই ফরম্যাটে আমরা সবচেয়ে বেশি সাবলীল। সাকিবের আসা ও সিরিজ খেলা আমাদের জন্য বড় ব্যাপার ছিল। তার মেয়ে, মা ও শাশুড়ি হাসপাতালে। এরপরও খেলে যাওয়ায় সে প্রশংসার দাবি রাখে। সমর্থকরাও অসাধারণ সমর্থন দিয়েছেন। কোচ রাসেল (ডোমিঙ্গো) তো বলেন, তারা (সমর্থক) আমাদের দ্বাদশ খেলোয়াড়।
ম্যাচ ও সিরিজসেরা তাসকিনের অনুভুতি ঝরল এভাবে, খুবই আনন্দ ও গর্ব হচ্ছে আমার। এই প্রথম সিরিজসেরা হয়েছি আমি। গত দেড়-দুই বছর আমি একই প্রক্রিয়ায় বোলিং করে গেছি। প্রতিটি ম্যাচেই অধিনায়ক আমাকে সাপোর্ট দিয়ে গেছেন এবং বলেছেন: ফাস্ট ও আগ্রাসী হও আর উইকেট নাও। এখানে আসার পর থেকেই সময়টা আমি উপভোগ করেছি। আমাকে এখনো শিখতে হবে ফ্লাট উইকেটে কীভাবে উইকেট নিতে হয়।










