ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যকার হাইভোল্টেজ লড়াইয়ে কেউ কাউকে হারাতে পারেনি। ইতিহাদ স্টেডিয়ামে মহাগুরুত্বপূর্ণ এ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তাতে দুই দলের মধ্যকার পয়েন্ট ব্যবধানও অপরিবর্তিত থাকল।

 

৩১ রাউন্ড শেষে ৭৪ পয়েন্ট নিয়ে ম্যানসিটি টেবিলের এক নম্বরে, আর সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তাদের ঘাঁড়ে নিঃশ্বাস ফেলছে অল রেডরা। এই ম্যাচটি ড্র হওয়ায় লিগের বাকি ৭ রাউন্ডে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে দুটি দলই। কেননা পা ফসকালেই ছিটকে পড়বে শিরোপার রেস থেকে।

 

দুনিয়া কাঁপানো এ লিগ ম্যাচে মাত্র ৫ মিনিটেই কেভিন ডি ব্রুইনের গোলে লিড নেয় ম্যানসিটি। বের্নার্দো সিলভার পাস থেকে গোলটি করেন বেলজিয়ান ফরোয়ার্ড। যদিও লিডটা খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ১৩ মিনিটে পর্তুগিজ খেলোয়াড় দিয়োগো জোটার গোলে সমতা নিয়ে আসে ইয়ুর্গেন ক্লোপের দল। ৩৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস আবারো এগিয়ে দেন সিটিকে। এর ঠিক ১০ মিনিট পর (৪৬ মিনিট) আবারো লিভারপুল সমতায় ফেরে। এবার গোল করেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।