সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের শুরুতেই সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। প্রথম ওভারেই তিনি সাজঘরে ফেরান আভিস্কা ফার্নান্দোকে। এ প্রতিবেদন লেখার সময় অতিথিদের সংগ্রহ ছিল ৪ ওভারশেষে ৩২/১। কামিন্দু মেন্ডিস ১৯ ও কুশল মেন্ডিস ৭ রানে ব্যাট করছিলেন।

 

সদ্য সমাপ্ত বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন শরিফুল। দুর্দান্ত ঢাকার হয়ে শুধু রাউন্ড রবিন লিগেই নেন ২২ উইকেট। সেই ফর্ম টেনে আনলেন আন্তর্জাতিক ক্রিকেটেও। আজ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় বলেই দলকে সফলতা এনে দেন তিনি। তার বাউন্স ও সামান্য ক্যারি করা বলে কভার অঞ্চলে ড্রাইভ করতে গিয়ে উইকেটকিপার লিটন দাসকে ক্যাচ তুলে দেন ফার্নান্দো।

 

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক) লিটন কুমার দাস (উইকেটকিপার), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, জাকের আলী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।