সুপার এইটের ম্যাচে টান টান উত্তেজনা জিইয়ে রেখে ইংল্যান্ডকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের ব্যাটিং ও কাগিসো রাবাদাদের নিয়ন্ত্রিত বোলিং ৭ রানে জেতাল প্রোটিয়াদের। অন্যদিকে বেশ নাটকীয়ভাবে এ পর্বে পা রাখা ইংল্যান্ডকে জেতাতে পারলেন না হ্যারি ব্রুক। সব মিলিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রইল দক্ষিণ আফ্রিকা।

সেন্ট লুসিয়ায় ড্যারেন সামি ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে বল হাতে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। কিন্তু ডি ককের ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যান ইংরেজ বোলাররা। চারটি চার ও চারটি ছয় নিয়ে ৩৮ বলে ৬৫ রান করেন তিনি। কিছুটা সময় ডি কককে যোগ্য সঙ্গ দেন রিজা হেনডিকস। কিন্তু দ্রুত সমীকরণ যেন উল্টে যেতে থাকে। অবশ্য ডেভিড মিলারের ৪৩ ছিল বড় স্বস্তি। চারটি চার ও দুটি ছয়ের সাহায্যে ২৮ বলে অর্ধশতের কাছাকাছি পৌঁছে যান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ১৬৩ রান।

অবশ্য ব্যাট হাতে নেমে শুরু থেকেই হতাশ করছিলেন ইংরেজরা। ৬১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলেন তারা। এরপর দলের হাল ধরেন ব্রুক ও লিয়াম লিভিংস্টোন। মোটামুটি শেষ দিকে এসে টান টান উত্তেজনায় রূপ নেয় খেলা। শেষ চার ওভারে দরকার ছিল ৪৬ রান। ১৭তম ওভারে ওটনিয়েল বার্টম্যান দেন ২১ রান। তখন অনেকটাই আশাবাদী হয়ে উঠে ইংল্যান্ড। কিন্ত পরের ওভারে লিভিংস্টোনকে সাজঘরে ফেরান রাবাদা। তখনই অনেকটা নির্ধারিত হয়ে যায় ফলাফল।