গত ৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচ শেষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারত রওনা হন মুস্তাফিজুর রহমান। যদিও সেই থেকে এখন পর্যন্ত টানা তিন ম্যাচে তাকে খেলায়নি দিল্লি ক্যাপিটালস। বেঞ্চেই সময় কাটছে তার। 

দিল্লি প্রথম ম্যাচে লক্ষ্ণৌ সুপারজায়ান্টের কাছে হেরেছে ৫০ রানে। পরের ম্যাচে তারা ৬ উইকেটে হেরেছে গুজরাট টাইটানসের কাছে। গতকাল ডেভিড ওয়ার্নারের দল মুখোমুখি হয় রাজস্থান রয়্যালসের। গতকাল না খেলায় মুস্তাফিজের অপেক্ষা বাড়ল। দিল্লির পরের ম্যাচ মঙ্গলবার, মুম্বাইয়ের বিপক্ষে। 

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ দিয়ে আইপিএলে অভিষেক মুস্তাফিজের। প্রথম মৌসুমে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে তিনি সেরা উদীয়মান খেলোয়াড় হন। তার দল শিরোপা জয় করে। ২০১৭ সালেও সানরাইজার্সে খেলেন। ২০১৮ সালে তিনি যোগ দেন মুম্বাই ইন্ডিয়ানস দলে। ২০২১ সালে খেলেন রাজস্থান রয়্যালসে। ২০২২ সালে তাকে নেয় দিল্লি। এবারো সেই দলেই আছেন। 

আন্তর্জাতিক টি২০তে ৮৩ ম্যাচে ১০০ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। আর ঘরোয়া মিলিয়ে টি২০তে ২২০ ম্যাচে তার উইকেটসংখ্যা ২৭২। 

বাংলাদেশ থেকে এবার আইপিএলে দল পান মুস্তাফিজ, সাকিব আল হাসান ও লিটন দাস। মুস্তাফিজ টেস্ট না খেলায় আগেই দিল্লিতে যোগ দিতে পেরেছেন। যদিও সমস্যা হয় হয় সাকিব ও লিটনের ক্ষেত্রে। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট শুক্রবার শেষ হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে আজ রওনা হচ্ছেন লিটন। তার সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাংলাদেশ টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিবের। যদিও গত সপ্তাহে তিনি নাইটদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। 

কলকাতা এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে। আজ গুজরাট টাইটানসের মুখোমুখি হবে তারা। লিটন যদি আজ দলের সঙ্গে যোগ দেন, তবে পরের ম্যাচের জন্য অপেক্ষায় থাকবেন। কেকেআরের পরের ম্যাচ ১৪ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। হয়তো ওই ম্যাচেই প্রথমবারের মতো আইপিএল দেখা যেতে পারে তাকে।