আগামীকাল সোমবার শ্রীলংকার সঙ্গে টি২০ সিরিজ শুরু হচ্ছে সিলেটে। এরপর চট্টগ্রামে ওয়ানডে সিরিজ। সবশেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে উপমহাদেশের দুই দল।

  

গত বছর ওয়ানডে বিশ্বকাপে শ্রীলংকার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ‘টাইমড আউট’ করে আলোচনার জন্ম দেন বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান। যা নিয়ে পরে ম্যাথুস ক্ষোভ প্রকাশ করেন। শ্রীলংকার সঙ্গে এবার তিন ফরম্যাটেই হোম সিরিজ খেলবে টাইগাররা। বিশ্বকাপের ঘটনাটি এই সিরিজে প্রভাব ফেলবে কিনা? আজ সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘শ্রীলংকার সাথে বাইরের বিষয়গুলো নিয়ে চিন্তা করছি না। যেটা অতীতে হয়েছে সেটা অতীতই। আমার মনে হয় খুব ভালো একটা সিরিজই হবে। দুই দলই জেতার জন্য খেলবে।’

 

তিনি আরো বলেন, ‘আমরা নিজেদের কাজটা নিয়েই ফোকাস করছি, জেতার জন্য যে প্ল্যান করা দরকার, যা যা করা দরকার অবশ্যই আমরা সেটা করব। আশা করছি ভালো সিরিজই হবে।’

 

বিশেষ করে টি২০ সিরিজ নিয়ে শান্ত বলেন, ‘টি২০তে আমাদের গত বছরটা খুব ভালো কেটেছে। আমার মনে হয়, আগে থেকে অনেক উন্নতি হয়েছে। আরো কিছু জায়গায় উন্নতি করলে দেখা যাবে যে আমরা যেকোনো দলের বিপক্ষে যেকোনো কন্ডিশনে ভালো করছি।’

 

এরপর ওয়ানডেতে বড় ট্রফি জেতার স্বপ্ন নিয়ে শান্ত বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে আমরা মাশাল্লাহ ভালো করছি। তবে দল হিসেবে বড় কোনো টুর্নামেন্ট এখনো পাই নাই (জিতিনি)। ওই প্ল্যানটা নিয়েই আমরা এগোবো যে কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি। বা দেশের হয়ে একটা ট্রফি নিয়ে আসতে পারি।’