উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জয় তুলে নিয়েছে দুই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়েছে ম্যানসিটি। ঘরের মাঠে ড্রয়ের শঙ্কায় পড়েছিল সিটিজেনরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ দিকে জয়সূচক গোল করে কেভিন ডি ব্রুইনে সিটিকে উদ্ধার করেন।
শেষ আটের আরেক ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। এ জয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এক পা দিয়ে রাখল অল রেডরা। ইংলিশ জায়ান্টদের হয়ে গোল করেছেন ইব্রাহীমা কোনাতে, সাদিও মানে ও লুইস দিয়াজ। বেনফিকার হয়ে এক গোল শোধ দেন দারউন নুনেজ।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দিয়েগো সিমিওনের দলের ওপর চড়াও হয়ে খেলেছে ম্যানসিটি। একের পর এক আক্রমণ করেও অবশ্য কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা। মাদ্রিদের দলটি ছিল পুরোই রক্ষণাত্মক। ফলে হতাশায় শেষ হয় সিটির প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও সিটিজেনরা আক্রমণের পসরা সাজিয়ে বসে। এরপর ৭০ মিনিটে ডেড লক ভাঙেন ডি ব্রুইনা। রদ্রির বাড়ানো বল অ্যাতলেটিকোর দুই-তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে থ্রু পাস দেন ফিল ফোডেন। ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে ডান পায়ের গতির শটে দূরের পোস্ট খুঁজে নেন ব্রুইনে। শেষ পর্যন্ত ওই গোলই জয়সূচক নিশ্চিত হয়।
ম্যাচে ৭১ ভাগ বলের দখল ছিল সিটিজনেদের পায়ে। প্রতিপক্ষের পোস্টে ১৫ শটের মাত্র দুটি লক্ষ্যে। ২৯ ভাগ বলের দখল নিয়ে একবারও পোস্টে শট নিতে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে জয়ের ব্যবধান বেশ বড় না হওয়ায় দ্বিতীয় লেগে চাপে থেকে নামতে হবে পেপ গার্দিওলার শিষ্যদের। আগামী ১৩ এপ্রিল অ্যাতলেটিকোর মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
এদিকে বেনফিকার মাঠে ম্যাচের ১৭ মিনিটে কোনাতের গোলে এগিয়ে যায় লিভারপুল। রবার্টসনের কর্নারে বুলেট গতির হেডে জাল খুঁজে নেন কোনাতে। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ান সাদিও মানে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৯ মিনিটে) একটি গোল শোধ করেন উরুগুইয়ান ফরোয়ার্ড নুনেজ। ৮৭ মিনিটে নাবি কেইতার পাস থেকে ম্যাচের শেষ গোলটি করেন লুইস দিয়াজ। আগামী ১৩ এপ্রিল অ্যানফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।










