লংকা প্রিমিয়ার লিগের চতুর্থ আসরে খেলতে গেলেন বাংলাদেশের তরুণ পেস বোলার শরিফুল ইসলাম। প্রথমবারের মতো বিদেশের কোনো লিগে খেলতে গিয়ে উচ্ছ্বসিত এই ক্রিকেটার। লংকা প্রিমিয়ার লিগ শুরু হবে আগামীকাল ৩০ জুলাই, শেষ হবে ২০ আগস্ট।

 

লংকা প্রিমিয়ার লিগে খেলার ডাক পেয়েছিলেন সিনিয়র পেসার তাসকিন আহমেদও। যদিও এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে তার ওয়ার্কলোডের কথা মাথায় রেখে তাকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে জিম আফ্রো টি১০ লিগ খেলতে জিম্বাবুয়েতে অবস্থান করা তাসকিন এটা মেনেও নিয়েছেন।


 

তাসকিনের মতো শরিফুলকে অবশ্য আটকে দেয়নি বিসিবি। বরং তাকে অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করে দেয়া হয়েছে। এই লিগ শেষ করে শ্রীলংকাতেই তিনি বাংলাদেশের হয়ে এশিয়া কাপ খেলবেন, যা শুরু হবে ৩০ আগস্ট।

 

আজ কলম্বা রওনা হওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে শরিফুল বলেন, ‘সবার জন্যই প্রথমবার যে কোনো লিগ রোমাঞ্চকর হয়। আমিও রোমাঞ্চিত। যখনই সুযোগ পাব, চেষ্টা করব নিজের সেরাটা দেয়ার। ফ্র্যাঞ্চাইজি লিগে বেশিরভাগ ক্রিকেটারই যায় একটা অভিজ্ঞতা নিতে। আমি চেষ্টা করব ওই অভিজ্ঞতা নিজের ভেতরে আনার জন্য।’

 

শরিফুল খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে। কাল উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা কিংসের মুখোমুখি হবে শরিফুলের স্ট্রাইকার্স।

 

শরিফুল ছাড়াও এলপিএলের এবারের আসরে বাংলাদেশ থেকে রয়েছেন টি২০ দলনায়ক সাকিব আল হাসান, উদীয়মান ব্যাটিং তারকা তৌহিদ হৃদয় ও উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ মিঠুন। জাফনা কিংসের হয়ে খেলবেন হৃদয়। সাকিব, মিঠুন খেলবেন গল টাইটান্সের হয়ে। সাকিব বর্তমানে কানাডায় গ্লোবাল টি২০ লিগ খেলছেন মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে। এই লিগ শেষ হবে ৬ আগস্ট।