লাহোর টেস্টে আজ পঞ্চম ও শেষ দিন
পাকিস্তানের জিততে প্রয়োজন ছিল ২৭৮ রান। অস্ট্রেলিয়ার প্রয়োজন ১০টি উইকেট তুলে
নেয়া। এ দৌড়ে সফল হয়েছে প্যাট কামিন্স বাহিনী। নাথান লায়ানের স্পিন ঘূর্ণিতে
দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পাকিস্তানকে ২৩৫ রানেই অলআউট করে দেয় অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের ৩৫১ রানের টার্গেট ছুড়ে দিয়ে ১১৫ রানের দারুণ জয় পেয়েছে অজিরা।
দ্বিতীয় ইনিংসে ছয়টি উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন লায়ন। তিন
ম্যাচের সিরিজটা ১-০ ব্যবধানে জিতল সফরকারীরা। সিরিজের প্রথম দুটি টেস্ট ড্র হয়।
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তানের
মাটিতে টেস্ট সিরিজ খেলল অজিরা। সর্বশেষ সিরিজেও তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০তে
জিতেছিল অতিথিরা। করাচি ও পেশোয়ারে শেষ দুই টেস্ট ড্র হলেও রাওয়ালপিন্ডিতে প্রথম
টেস্টে ইনিংস ও ৯৯ রানে জয় পায় মার্ক টেলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
লাহোরে বৃহস্পতিবার ৩৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চতুর্থ দিন
শেষে বিনা উইকেটে ৭৩ রান করে স্বাগতিকরা। আজ শেষ দিন সেখান থেকে ব্যাটিংয়ে নেমে ৭৭
রানের মাথায় ক্যামেরন গ্রিনের শিকার হন আব্দুল্লাহ শফিক। আগের দিনের ব্যক্তিগত ২৭
রানের সঙ্গে আজ কোনো রান যোগ করতে পারেননি এই ওপেনার। ১৯৯ বলে ৭০ রান করে ফেরেন
ইমাম-উল-হক। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে
দলটি। বাবর আজম এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৪
বলে মোকাবেলায় ৫৫ রান করে সাজঘরে ফেরেন পাক অধিনায়ক। ফাওয়াদ আলম (১১) ও মোহাম্মদ রিজওয়ানকে (০) দাঁড়াতেই দেননি কামিন্স। পরে সাজিদ খান (২১) ও হাসান আলি (১৩) রান
ছাড়া উল্লেখযোগ্য কোনো স্কোর গড়তে পারেননি কেউ।
লায়নের ৬ উইকেটের সঙ্গে কামিন্স নেন তিনটি
উইকেট। দুই ইনিংসে আট উইকেট নিয়ে ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সর্বোচ্চ ৪৯৬
রান করে সিরিজ সেরা হয়েছেন উসমান খাজা।










