মোহালির পর এবার বেঙ্গালুরু টেস্টেও শ্রীলংকাকে তিনদিনের মধ্যে হারিয়ে দিল ভারত। ৪৪৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নামা শ্রীলংকা রোববার দ্বিতীয় দিন ১ উইকেটে ২৮ রান নিয়ে মাঠ ছাড়ে। আজ তৃতীয় দিন বাকি ৯ উইকটে হারিয়ে ১৮০ রান যোগ করতে সমর্থ হয় দিমুথ করুনারত্নের দল। ২৩৮ রানের বিশাল জয়ে ২-০তে সিরিজ নিশ্চিত হলো ভারতের।

রবিচন্দ্র অশ্বিন ৫৫ রানে চারটি, জসপ্রিত বুমরাহ ২৩ রানে তিনটি ও অক্ষর প্যাটেল ৩৭ রানে দুটি উইকেট নেন। ম্যাচে বুমরাহ ৮টি ও অশ্বিন ৬টি উইকেট নেন।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চালুর পর প্রথম বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন অশ্বিন। এর মধ্য দিয়ে টেস্ট উইকেট শিকারের তালিকায় দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে টপকে আট নম্বরে উঠে গেলেন তিনি। অশ্বিনের উইকেট এখন ৪৪২, স্টেইনের ৪৩৯। অশ্বিন খেলেছেন ৮৬ টেস্ট। উইকেট শিকারে অশ্বিনে উপরে থাকা সবাই খেলেছেন একশর বেশি টেস্ট। লংকান গ্রেট মুত্তিয়া মুরালিধরণ ৮০০ উইকেট নিয়ে সবার শীর্ষে। সদ্য প্রয়াত শেন ওয়ার্ন ৭০৮ উইকেট নিয়ে তালিকার দুইয়ে। 

প্রথম ইনিংসে ৯২ ও দ্বিতীয় ইনিংসে ৬৭ রান করে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন ভারতের শ্রেয়াস আইয়ার। আর ১৮৫ রান করে সিরিজসেরা হয়েছেন একই দলের ঋষভ পন্ত।

 

এদিকে, বেঙ্গালুরু টেস্ট খেলে অবসর নিলেন লংকান পেস বোলার সুরাঙ্গা লাকমল। ৭০ টেস্ট খেলে ১৭১ উইকেট শিকার করেছেন ৩৫ বছর বয়সী এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২৫২ ও ৩০৩/৯ (ডি.)। শ্রীলংকা: ১০৯ ও ২০৮। ফল: ভারত ২৩৮ রানে জয়ী। ম্যাচসেরা: শ্রেয়াস আইয়ার (ভারত)। সিরিজসেরা: ঋষভ পন্ত (ভারত)। সিরিজ: ভারত ২-০তে জয়ী।