দশম বাংলাদেশ প্রিমিয়ার
লিগে (বিপিএল) শীর্ষ চারে ওঠার লড়াই জমে উঠেছে। আজ মঙ্গলবার ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে
দুর্দান্ত ঢাকাকে ৬০ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান
সংহত করে নুরুল হাসান সোহানের দল। রাতের ম্যাচে ফরচুন বরিশালকে ১৬ রানে হারিয়ে খুলনা
টাইগার্সকে তিনে ঠেলে দিয়ে টেবিলের দুইয়ে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
কিউই ব্যাটার টম ব্রুস
(৪০ বলে ৫০) ও অস্ট্রেলিয়ার জশ ব্রাউনের (২৩ বলে ৩৮) ব্যাটে ভর করে ৫ উইকেটে ১৪৫ রান
তোলে চট্টগ্রাম। জবাব দিতে নেমে বরিশালের টপ অর্ডার শোচনীয়ভাব ব্যর্থ হয়। তামিম ইকবাল
(৪৬ বলে ৪৯) ছাড়া কারো ব্যাটই হাসেনি। ৯৮ রানে ৬ উইকেট পতনের পর ১৮ বলে ৩০ রান করে
দলটিকে বড় হার থেকে বাঁচান মোহাম্মদ সাইফউদ্দিন। ৮ উইকেটে ১২৯ রান তুলতে সমর্থ হয় বরিশাল।
শহিদুল ইসলাম ১৩ রানে
৩টি ও আল-আমিন হোসেন ৩১ রানে ২টি উইকেট নেন।
এর আগে অলরাউন্ড নৈপুণ্য
দেখিয়ে রংপুরকে জেতান সাকিব আল হাসান। ব্যাট হাতে ২০ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৪ রান করার
পর বল হাতে ৪ ওভারে ১৬ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। ম্যাচসেরাও হয়েছেন বাংলাদেশ জাতীয়
দলের এই অধিনায়ক।
এর আগে বাবর আজম (৪৩ বলে
৪৭), রনি তালুকদার (২৪ বলে ৩৯), সাকিব (২০ বলে ৩৪) ও মোহাম্মদ নবির (১৬ বলে ২৯) ব্যাটে
ভর করে ৪ উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে রংপুর। ঢাকার মোসাদ্দেক হোসেন ২টি
এবং আরাফাত সানী ও সাব্বির হোসেন ১টি করে উইকেট নেন।
বড় স্কোর তাড়া করতে নেমে
মোহাম্মদ নাঈম শেখ ছাড়া ঢাকার আর কেউই দাঁড়াতে পারেনি। নাঈম ৩১ বলে ৪৪ রান করেন ৩ চার
ও ৩ ছক্কায়। শেষ দিকে ইরফান সুক্কুর ১৫ বলে ২১ ও তাসকিন আহমেদ ৮ বলে ১৫ রান করেন। সাকিব
ছাড়াও বোলিংয়ে ভালো করেন শেখ মেহেদী হাসান (২/২২), সালমান ইরশাদ (২/১৭) ও হাসান মাহমুদ
(২/২০)।
৭ রাউন্ড শেষে ১০ পয়েন্ট
নিয়ে শীর্ষে রংপুর, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে চট্টগ্রাম। খুলনার পয়েন্ট ৮ হলেও তারা দুই
ম্যাচ কম খেলেছে। এরপর কুমিল্লা (৬), বরিশাল (৬), সিলেট (২) ও ঢাকা (২)।










