বাংলাদেশ ওয়ানডে দলনায়ক তামিম ইকবাল বলেছেন, ‘‌‌আমি ১৭ বছর ধরে খেলছি বাংলাদেশ জাতীয় দলে। বিভিন্ন সময়ে, ৫ বছর আগে, ১০ বছর আগে, ১৬ বছর আগেও শুনতাম। যখন দল ভালো খেলত না, তখনই কেন যে এই টার্ম ব্যবহার করা হতো যে গ্রুপিং আছে মনে হয়। অমুক গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপ। আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনো দেখি না।’

 সম্প্রতি একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেন, বাংলাদেশ দলের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যে বিরোধ ও সম্পর্কের অবনতি ঘটায় তা ড্রেসিংরুমে নেতিবাচক প্রভাব ফেলছে। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ওই বিষয়টি নিয়েই কৌশলী জবাব দিলেন তামিম।

 তামিম বলেন, ‘‌আমার কাছে মনে হয়, দলের আবহ অনেক ভালো। আজকে থেকে নয়, অনেক দিন থেকেই ভালো। সেটার ফলও আপনারা দেখছেন। ওয়ানডেতে আমরা সবসময়ই ভালো। অন্তত গত ৫-৬ বছর ধরেই ভালো। গত ৫-৬ সিরিজ যদি দেখি, আমরা জিতেছি। যখনই ড্রেসিং রুমে খুশির আবহ থাকে, তখনই এসব ফল অর্জন করতে সহজ হয়।’

 সাকিবের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে তামিম বললেন, ‘‌আমার কাছে যেটা মনে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি-সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পরি, মাঠে যখন নামি, আমি যদি নিজের শতভাগ দেই, সে যদি শতভাগ দেয়, আমি যদি অধিনায়কত্ব করি এবং তার কাছ থেকে কোনো পরামর্শ চাইলে সে সহায়তা করে, সে অধিনায়কত্ব করার সময় কোনো পরামর্শ চাইলে আমি যদি প্রস্তুত থাকি, তাহলে অন্য আর কিছুর কোনো মূল্য নেই। যখন আমার প্রয়োজন তাকে পাশে পাই এবং এটাই নিশ্চিত করে দিচ্ছি, আমি যখন টেস্ট খেলব এবং সে নেতৃত্ব দেবে, তার কোনো প্রয়োজন হলে আমি সবসময় পাশে আছি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

 গুরুত্বপূর্ণ একটা সিরিজ সামনে রেখে বোর্ড সভাপতির এমন মন্তব্য কীভাবে নিয়েছেন তামিম? এ নিয়ে তার জবাব, ‘‌আমি এটার ব্যাপারে কালকেই (শনিবার) জানতে পেরেছি মাত্র। তবে যেটা বললাম, যখন আমরা বাংলাদেশ দলে খেলছি, দেশকে যখন প্রতিনিধিত্ব করছি এবং মাঠে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে নাথিং এলস ম্যাটারস মানে আসলেই নাথিং এলস ম্যাটারস। এখানে কে কী বলল, কী হলো না হলো, আমাদের সম্পর্ক কেমন, একসঙ্গে কফি খাই কি না, এগুলো কোনো কিছু কোনো ব্যাপার না, যতক্ষণ আমরা দল ও দেশের জন্য শতভাগ দিচ্ছি।’

 বিব্রতকর এই বিষয়টির মুখোমুখি হওয়া নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫ হাজার রান করা তামিম জানালেন ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে না গিয়ে তিনি সবাইকে বার্তা দিতে চেয়েছেন। তার কথায়, ‘‌এড়িয়ে যাওয়া খুব সহজ হতো আমার জন্য। বলতে পারতাম যে শুধু সিরিজ নিয়ে কথা বলি। তবে আমার কাছে মনে হয়, আমার বার্তাটিও খুব গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিকদের প্রতি নয়, বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য, সাকিবের ভক্ত, আমার ভক্ত, অন্যদের ভক্ত, সবার প্রতিই।’