ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি-এ, জার্মান বুন্দেসলিগা আর ফ্রেঞ্চ লিগ ওয়ান—ইউরোপের এই শীর্ষ পাঁচ ঘরোয়া ফুটবল
লিগ ঘিরেই বিশ্বব্যাপী ফুটবল অনুরাগীদের যত আগ্রহ। এই পাঁচ লিগের মধ্যে দুটিতে এরই
মধ্যে শিরোপা নির্ধারণ হয়ে গেছে। ফ্রান্সে চার ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে
নিয়েছে লিওনেল মেসি,
নেইমারদের
ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জার্মানিতে বায়ার্ন মিউনিখের
আধিপত্যের অবসান কেউ ঘটাতে পারেনি। টানা দশম লিগ শিরোপা জিতে নিয়েছে বাভারিয়ান
ক্লাবটি, তাও তিন ম্যাচ হাতে রেখেই।
স্পেনের লা লিগায় পাঁচ রাউন্ড বাকি থাকতে দ্বিতীয় স্থানধারী
বার্সেলোনার চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপার সুবাস পাচ্ছে রিয়াল মাদ্রিদ।
কার্লো অ্যানচেলত্তির দল বাকি পাঁচ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন
হবে।
এই তিন লিগের মতো একপেশে হচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগ ও সিরি-এ। শিরোপার রোমাঞ্চকর লড়াই চলছে
ইংল্যান্ড ও ইতালিতে।
পাঁচ রাউন্ড বাকি থাকতে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে মাত্র এক
পয়েন্টের ব্যবধান। হাড্ডাহাড্ডি এই লড়াইটা বেশ কয়েক রাউন্ড ধরেই চলছে। শনিবার
ওয়াটফোর্ডকে ৫-১ গোলে হারিয়ে চার পয়েন্টের লিড নেয় সিটি। যদিও রোববার রাতে
এভারটনকে ২-০ গোলে হারিয়ে ফের ব্যবধান কমিয়েছে লিভারপুল। ৩৩ রাউন্ড শেষে ৮০ পয়েন্ট
নিয়ে শীর্ষে অবস্থান করছে পেপ গার্দিওলার দল, ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ইয়ুর্গেন ক্লোপের লিভারপুল।
এ মৌসুমে চারটি শিরোপা জয়ের লক্ষ্যে ছুটে চলা লিভারপুল প্রিমিয়ার লিগে
১৪ ম্যাচে অপরাজিত,
যাকে কোচ ক্লোপ ‘পাগলাটে’ বলেই অভিহিত করলেন। গত ২৮ ডিসেম্বরের
পর থেকে লিগে মাত্র চার পয়েন্ট হারিয়েছে অল রেডরা। বড়দিনের পরদিন লেস্টার সিটির
কাছে হেরেছে লিভারপুল। যদিও সেই থেকে তারা লিগে ১৫ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টি।
কারাবাও কাপ শিরোপা জয় করা দলটি চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপেরও সেমিফাইনালে উঠেছে।
এভারটনকে হারানোর পর ক্লোপ বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমরা যতগুলো ম্যাচ জিতেছি তা আসলে পাগলাটেই মনে
হয়। এজন্য আপনাকে কাজ করতে হবে। ছেলেরা আবারো করে দেখিয়েছে। আমি সত্যিই অনেক খুশি।
সিটি ও লিভারপুল এবার ব্যস্ত হয়ে পড়বে চ্যাম্পিয়নস লিগ নিয়ে। সেমিফাইনালের প্রথম লেগে আগামীকাল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে গার্দিওলার দল। পরদিন নিজেদের মাঠে স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের বিপক্ষে খেলবে লিভারপুল। এরপর শনিবার আবার লিগে ফিরবে দুই দল। সেদিন লিভারপুল খেলবে নিউক্যাসলের মাঠে, আর সিটি অতিথি হবে লিডস ইউনাইটেডের মাঠে।
ইতালিতেও দারুণ জমেছে শিরোপার লড়াই। আজ ইন্টার মিলান তো কাল এসি মিলান
উঠছে শীর্ষস্থানে। শনিবার রোমাকে ৩-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে যায় ইন্টার
মিলান। পরদিনই লািসওকে ২-১ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে এসি মিলান। এ
মুহূর্তে ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে এসি মিলান, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭২
পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান।
১ মে পরের ম্যাচে ফিওরেন্টিনার মুখোমুখি হবে এসি মিলান। ২৭ এপ্রিল
বোলোনার মুখোমুখি হবে ইন্টার মিলান।
লিগে সিটির বাকি ৫ ম্যাচ
৩০ এপ্রিল:
লিডস ইউনাইটেড
৮ মে:
নিউক্যাসল
১৫ মে:
ওয়েস্ট হ্যাম
২২ মে:
অ্যাস্টন ভিলা
*
সূচি চূড়ান্ত
হয়নি: উলভারহ্যাম্পটন-ম্যানসিটি।
লিগে লিভারপুলের বাকি ৫ ম্যাচ
৩০ এপ্রিল:
নিউক্যাসল
৭ মে:
টটেনহাম
১০ মে:
অ্যাস্টন ভিলা
১৫ মে:
সাউদাম্পটন
২২ মে:
উলভারহ্যাম্পটন
ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট টেবিল
ম্যানসিটি:
৮০ পয়েন্ট
লিভারপুল:
৭৯ পয়েন্ট
চেলসি:
৬৫ পয়েন্ট
আর্সেনাল:
৬০ পয়েন্ট
টটেনহাম:
৫৮ পয়েন্ট
সিরি-এ পয়েন্ট টেবিল
এসি মিলান: ৭৪ পয়েন্ট
ইন্টার মিলান: ৭২ পয়েন্ট
নাপোলি: ৬৭ পয়েন্ট
জুভেন্টাস: ৬৩ পয়েন্ট
রোমা: ৫৮ পয়েন্ট










