প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে আগেই পৌঁছে গেছে ফরচুন বরিশাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হবে- কুমিল্লা নাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স? এ প্রশ্নের উত্তর জানা যাবে কিছুক্ষণ পরেই। বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে কুমিল্লা ও চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে যারাই জিতবে তারা আগামী শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ফাইনাল খেলবে।
বিপিএলে সবমিলিয়ে কঠিন সময় পার করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে হারের পর প্রথম কোয়ালিফায়ারে হেরেছে সাকিবের ফরচুন বরিশালের কাছে।
দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে দারুণ দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। রয়েছেন ইমরুল কায়েস, লিটন দাস, নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনিল নারিন, মঈন আলী ও ফাফ ডু প্লেসিরা। অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দেখিয়েছে খাদের কিনারা থেকেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। অধিনায়ক বদল নিয়ে বিতর্কের মাঝে একের পর এক হার; সবকিছুকে পেছনে ফেলে তারা এখন টুর্নামেন্ট সেরার দৌড়ে।
যুব বিশ্বকাপজয়ী দলের বেশ কিছু ক্রিকেটারদের নিয়েই তারুণ্য নির্ভর দল গড়েছে চট্টগ্রাম। রয়েছেন আকবর আলী, শামীম হোসেন পাটোয়ারী, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলামরা। আছেন আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজও। পাশাপাশি বিদেশি ক্যাটাগরিতে খেলা উইল জ্যাকস, বেনি হাওয়েল, চ্যাডউইক ওয়ালটনরা আছেন দুর্দান্ত ফর্মে। টানা দুই ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি যাওয়া উইল জ্যাকস সর্বশেষ ম্যাচে অসুস্থতায় খেলতে পারেননি। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে অবশ্য তাকে পাচ্ছে চট্টগ্রাম। তার পরেও ক্রিকেটটা যখন পরিসংখ্যান নির্ভর খেলা। সেখানে এগিয়ে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সই। চলতি আসরে দুবারের দেখায় প্রত্যেকবারই হারতে হয়েছে চট্টগ্রামকে।
দলটির তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী বলেছেন, আমাদের দলটা তারুণ্যে ভরা। টুর্নামেন্টের শুরুর দিকে আমরা সবার ওপরেই (পয়েন্ট টেবিলে) ছিলাম। পরবর্তীতে নিজেদের ভুলে পিছিয়ে পড়েছি। আমরা ভুল থেকে শিখেছি। টানা তিন জয় ও কোয়ালিফায়ারে খেলা এ কারণেই সম্ভব হয়েছে। বুধবার কুমিল্লার বিপক্ষে প্রধান পরিকল্পনাই হচ্ছে জয়। এটা যেহেতু ডু অর ডাই ম্যাচ, তাই ভালো একটা জয় নিয়ে ফাইনালে যেতে চাই।
অন্যদিকে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স শেষ সুযোগটা কাজে লাগাতে চাইছে। দলটির তরুণ ক্রিকেটার মাহমুদুল হাসান জয় বলেছেন, আসলে তেমন কোনো পরিকল্পনা নেই। আমরা শেষ ম্যাচে তেমন ভালো ক্রিকেট খেলিনি। এটা আমাদের আরেকটা সুযোগ। কাজে লাগাতে পারলে ফাইনাল খেলার সুযোগ হবে। আমরা সেরাটা দিয়ে চেষ্টা করবো যেন ম্যাচটা জিততে পারি।










