সম্প্রতি ঘরের  মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে যুগ্মভাবে শিরোপা জয়ের পর এবার বয়সভিত্তিক সাফে আরেকটি শিরোপার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে টানা দুই জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছে গেল সাইফুল বারী টিটুর‍ দল। স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারানোর পর আজ মঙ্গলবার রাউন্ড রবিন লিগের আরেক ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা ভারতকে হারাল ৩-১ গোলে।

 

আজকের জয় শেষে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ভারত দুইয়ে ও নেপাল তিনে। দুই ম্যাচেই পরাজিত ভুটানের নামের পাশে শূন্য পয়েন্ট। সোমবার ভুটানকে ৩-০ গোলে হারায় নেপাল।

 

৭ মার্চ ভারত মুখোমুখি হবে নেপালের, পরদিন বাংলাদেশ খেলবে অপেক্ষাকৃত দুর্বল দল ভুটানের বিপক্ষে। বাংলাদেশের ফাইনাল নিশ্চিত। এখন ভারত-নেপাল ম্যাচ থেকে আসরে আরেক ফাইনালিস্ট। ১০ মার্চ ফাইনালের মধ্য দিয়ে শিরোপার মীমাংসা হবে।

 

ললিতপুরের এএনএফএ কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে গোল করেন আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতি ও অর্পিতা বিশ্বাস। ভারতের হয়ে একমাত্র গোলটি করেন আনুষ্কা কুমারী। ৯ মিনিটে আলপির গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের সময় আনুষ্কার গোলে সমতা আনে ভারত। ৭৮ মিনিটে সুরভী আকন্দ প্রীতি বাংলাদেশকে আবার এগিয়ে দেন। ৮৯ মিনিটে অধিনায়ক অর্পিতার গোলে লাল-সবুজদের জয় নিশ্চিত হয়ে যায়। যোগ করা সময়ের খেলায় ভারতীয়রা মুহূর্মুহ আক্রমণে গেলেও গোল আদায় করে নিতে পারেনি। ফলে শেষ হাসি হাসেন বাংলাদেশের কিশোরীরা।

 

প্রীতি আগের ম্যাচে করেন জোড়া গোল। আজ এক গোল করায় তিন গোল নিয়ে তিনি উঠে গোলের গোলচার্টে সবার উপরে।


 

এবারের সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে চারটি দল। স্বাগতিক নেপাল ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত, বাংলাদেশ ও ভুটান। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুটি দল খেলবে ফাইনালে।

 

গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া। পাঁচ দলের আসরে চার ম্যাচ জিতে শিরোপা জয় করে রাশিয়ার মেয়েরা। এবার নেপালে বসেছে অনূর্ধ্ব-১৬ আসর।